দুগ্ধখামারের গোবরের সঙ্গে উদ্ভিজ্জ জৈববস্তু মিশিয়ে অ্যানেরোবিক ডাইজেস্টারে বায়োগ্যাস তৈরি করলে খামারের বায়োগ্যাস প্রকল্প অনেক বেশি লাভজনক হতে পারে, আর এর জন্য সবচেয়ে উপযোগী শীতকালীন রাই, বলছেন যুক্তরাষ্ট্রের পেন স্টেটের গবেষকেরা। খবরটি দিয়েছে Farms.com।
অ্যানেরোবিক ডাইজেশনে জৈব বস্তু থেকে বায়োগ্যাস তৈরি হয়, যা দিয়ে বিদ্যুৎ বা নবায়নযোগ্য প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। কিন্তু নির্মাণ ও পরিচালন খরচের কারণে অনেক দুগ্ধখামারের প্রকল্প টিকতে পারে না। গবেষণার জ্যেষ্ঠ লেখক, কৃষি ও জৈব প্রকৌশলের সহকারী অধ্যাপক হুলিয়ানা ভাস্কো-কোরেয়া (Juliana Vasco-Correa) বলেন, গোবরের সঙ্গে ফসলের অবশিষ্টাংশ বা আলাদা জৈববস্তু যোগ করলে প্রকল্প আর্থিকভাবে টেকসই হয় কি না, সেটাই ছিল মূল প্রশ্ন; ফল বলছে, উদ্ভিজ্জ বস্তু মেশালে গোবরভিত্তিক বায়োগ্যাসের আর্থিক সাফল্য বাড়ে।
বায়োমাস কনভার্সন অ্যান্ড বায়োরিফাইনারি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ১,০০০ গাভীর একটি খামারের মডেল তৈরি করা হয়। শুধু গোবর এবং গোবরের সঙ্গে সুইচগ্রাস, শীতকালীন রাই বা ভুট্টার খড় মেশানো ব্যবস্থার তুলনা করা হয়, বিদ্যুৎ ও নবায়নযোগ্য গ্যাস দুই ক্ষেত্রেই। সুইচগ্রাস প্রান্তিক জমিতে জন্মায়, ভুট্টার খড় ফসলের অবশিষ্টাংশ কাজে লাগায়, কিন্তু রাই এগিয়ে ছিল: দুই অর্থকরী ফসলের মাঝে বাড়তি জমি ছাড়াই এটি লাগানো যায় এবং বায়োগ্যাসের ফলন সবচেয়ে বেশি।
লাভ-লোকসান সমান করতে অনুদান বা ঋণ নিশ্চয়তার মতো যে মূলধন সহায়তা লাগে, তা শুধু গোবরের ব্যবস্থায় প্রায় ৪৭%, আর সবচেয়ে ভালো মিশ্র ব্যবস্থায় মাত্র ৪%। প্রথম লেখক কামিলা ভালদেররামা (Camila Valderrama) বলেন, বড় প্ল্যান্টে নবায়নযোগ্য গ্যাস লাভজনক হলেও বিদ্যুৎ উৎপাদন কম আকর্ষণীয় হতে পারে, তাই আকার ও ব্যবহারের উদ্দেশ্য একসঙ্গে বিবেচনা করতে হবে।
গবেষকেরা জানান, মডেলটি ভিন্ন আকারের খামার, ভিন্ন জৈববস্তু, অঞ্চল ও বাজারের জন্যও ব্যবহার করা যায়; মডেল, কোড ও তথ্য তাঁরা সবার জন্য উন্মুক্ত করেছেন।
ছবি: USDA / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: Farms.com





মন্তব্য
(০)