কাঁচা দুধের দামে উৎপাদন খরচ উঠছিল না। তাই দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের স্ট্যানফোর্ডের কাছে পারিবারিক ছোট দুগ্ধ খামারকে পনিরের ব্যবসায় রূপ দিয়েছেন ম্যাথিউ ফ্রেজার-জোন্স (Matthew Fraser-Jones)। ফার্মার্স উইকলির হেনিং নাউডেকে তিনি বলেন, "দুধ বিক্রি করলে মনে হয় সোনা বিলিয়ে দিচ্ছি।"
২০১৩ সালে পরিবারটি স্টোনহাউস চিজ এস্টেট কেনে, পনির তৈরি শুরু হয় ২০১৬ সালের দিকে। এখন দিনের প্রায় অর্ধেক দুধে পনির হয়, বাকিটা যায় প্রতিবেশী ক্লেইন রিভার চিজে। পনির কারখানা চালুর সময় দিনে প্রায় ২৫০ লিটার দুধ হতো, এখন মৌসুমভেদে ২,০০০ থেকে ৩,০০০ লিটার।
পালের প্রায় সবই জার্সি গরু, কারণ পনিরের জন্য দরকারি চর্বি ও প্রোটিন এ জাতের দুধে বেশি। চারণভূমি যতটা বহন করতে পারে, সে হিসাবে দোহানো গরু প্রায় ৩৫০ থেকে কমিয়ে ১৫০টিতে আনা হয়েছে। প্রজনন হয় মূলত কৃত্রিম প্রজননে, সহজে বাছুর প্রসব প্রথম বিবেচনা; পালের প্রায় ৩০ শতাংশে অ্যাঙ্গাস ও ৭০ শতাংশে জার্সি বীজ দেওয়া হয়, গর্ভধারণের হার প্রায় ৯২ শতাংশ।
খামারের মোট জমি প্রায় ২৪০ হেক্টর, যার প্রায় ১৩০ হেক্টর ব্যবহারযোগ্য এবং প্রায় ২৫ হেক্টরে সেচ আছে। খাদ্যের মূল ভিত্তি চারণভূমি: ওট, কালো ওট, বার্লি, রাইগ্রাস, চিকোরি ও লুসার্ন, গ্রীষ্মে বাজরা জাতীয় বাবালা, লুসার্ন ও টেফ। পনিরের কারণে খাদ্যতালিকায় বড় বদল এসেছে: সাইলেজ পুরো বাদ। সাইলেজের ব্যাকটেরিয়া দুধ হয়ে পনিরে ঢুকে গ্যাস তৈরি করে, তাতে পাকতে থাকা শক্ত পনির ফুলে ফেটে যায়, যাকে বলে "লেট ব্লোয়িং"।
চারণের মৌসুমে গাভীপ্রতি দিনে ১৮ থেকে ২৪ লিটার, শুকনো মৌসুমে ১৩ থেকে ১৭ লিটার দুধ মেলে। কারখানায় দুধ আবার ছেঁকে পাস্তুরিত করা হয়; মূল পণ্য ক্যামেমবার ও ব্রি, সঙ্গে বার্গকাস ও বোয়েরেনকাসের মতো শক্ত পনির। পনির তৈরির পর বাকি থাকা ঘোল খাওয়ানো হয় খামারের শূকরকে, যা বাড়তি আয়ও দেয়; কাটা টুকরো দিয়ে বানানো হয় গ্রেটিং চিজ।
স্টোনহাউসের পনির মূলত রেস্তোরাঁ ও ওয়াইন খামারে বিক্রি হয়, কয়েকটি পরিবেশকের মাধ্যমেও যায়। এ বছর দক্ষিণ আফ্রিকান ডেইরি চ্যাম্পিয়নশিপে দুটি তৃতীয় স্থান পেয়েছে। ফ্রেজার-জোন্স এখন ঘোল খাওয়ানো শূকর দিয়ে খামারে একটি মাংসের দোকান খোলার পরিকল্পনা করছেন। তাঁর কথায়, শুধু দুধ বিক্রির আয়ে যা সম্ভব হতো না, পনির সেই জায়গা করে দিয়েছে।
ছবি: Jamain / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Farmers Weekly South Africa





মন্তব্য
(০)