ভোরে আর সন্ধ্যায় হালকা শীত পড়তে শুরু করেছে, আর এ সময় এক বাটি গরম স্যুপের চাহিদা বাড়ে। প্রতিবার স্যুপ বানানোর ঝামেলা এড়াতে বাড়িতেই প্রি-মিক্স পাউডার বানিয়ে রাখার রেসিপি দিয়েছে কলকাতার এই সময়।
উপকরণ: অড়হর, মুগ ও মসুর ডাল ২ টেবিল চামচ করে; ৮টি কাঠবাদাম; আধা টেবিল চামচ গোলমরিচ; ১ চা চামচ জিরা; সিকি চা চামচ মেথি; ৩টি শুকনা মরিচ; ১ টেবিল চামচ কারিপাতা; ২ টেবিল চামচ মিল্ক পাউডার; ২ টেবিল চামচ পেঁয়াজের গুঁড়া; ১ টেবিল চামচ রসুনের গুঁড়া; ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার; আধা চা চামচ বিট লবণ আর ১ চা চামচ চিনি।
প্রণালি: ডাল, কাঠবাদাম, গোলমরিচ, জিরা, মেথি, শুকনা মরিচ ও কারিপাতা কম আঁচে শুকনো কড়াইয়ে হালকা সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নামিয়ে ঠান্ডা করুন। এরপর গ্রাইন্ডারে ভাজা উপকরণের সঙ্গে মিল্ক পাউডার, পেঁয়াজ-রসুনের গুঁড়া, কর্নফ্লাওয়ার, বিট লবণ ও চিনি দিয়ে মিহি গুঁড়া করে নিলেই প্রি-মিক্স তৈরি।
সংরক্ষণ: পুরোপুরি শুকনো অবস্থায় পরিষ্কার, শুকনো ও বায়ুরোধী কৌটায় রাখুন, আর্দ্রতা থেকে দূরে। ব্যবহারের আগে গন্ধ বা ছত্রাকের লক্ষণ আছে কি না দেখে নিন।
স্যুপ বানাতে কয়েক চামচ প্রি-মিক্স প্রথমে অল্প ঠান্ডা পানিতে গুলে নিন, যাতে দলা না বাঁধে। তারপর গরম পানি দিয়ে অনবরত নাড়তে নাড়তে ফুটিয়ে নিন। চাইলে গাজর, বিনস, মটরশুঁটির মতো সবজি ছোট করে কেটে মেশাতে পারেন; শেষে লবণ ও গোলমরিচ দিয়ে পরিবেশন করুন।
ছবি: মসুর ডালের স্যুপ (প্রতীকী), jules / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: এই সময়





মন্তব্য
(০)