রাজশাহীর বাঘা উপজেলায় দুই দিনে তিনটি ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫ মণ গুড় ধ্বংস করা হয়েছে। এ সময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়, জব্দ করা ২৭ বস্তা চিনি দেওয়া হয় স্থানীয় এতিমখানায়। পুলিশের সহায়তায় অভিযানগুলো চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আড়ানী পৌরসভার চকসিংগা দাঁড়পাড়া গ্রামের সবুজ হোসেন ও রকি হোসেনের কারখানায় অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তাঁরা চুলার ওপর গুড় রেখে পালিয়ে যান। সেখানে ১৫ মণ গুড় ধ্বংস এবং ১২ বস্তা চিনি জব্দ করা হয়।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে একই গ্রামের কাজিম উদ্দিনের কারখানায় অভিযানে ৩০ মণ গুড় ধ্বংস ও ১৫ বস্তা চিনি জব্দ করা হয়, তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, ওই কারখানায় চিনি, মোনালিসা, বিভিন্ন রাসায়নিক, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা দিয়ে গুড় তৈরি হচ্ছিল।
নুসরাত জাহান অনন্যা বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। জব্দ করা ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদন: বাঘা (রাজশাহী) প্রতিনিধি, আজকের পত্রিকা
ছবি: Ferdous / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0); খেজুরের গুড়, প্রতীকী ছবি
সূত্র: আজকের পত্রিকা




মন্তব্য
(০)