দেশে ক্যান্সার শিক্ষা, গবেষণা ও আধুনিক চিকিৎসাকে সমন্বিত করতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) একটি পূর্ণাঙ্গ ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা দরকার বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ প্রয়োজনের কথা ওঠে।
'টুগেদার টুওয়ার্ডস আ ক্যান্সার-ফ্রি বাংলাদেশ' শীর্ষক বৈঠকটির আয়োজন করে বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। প্রধান অতিথি বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, শুধু যন্ত্রপাতি ও অবকাঠামো নয়, উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা, দক্ষ জনবল, ক্লিনিক্যাল ট্রায়াল ও আন্তর্জাতিক সহযোগিতাও দরকার; পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হলে ক্যান্সারসংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় হবে।
অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন বিএমইউর বিভিন্ন বিভাগে ক্যান্সার চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি ব্যবহারের চিত্র তুলে ধরেন। ক্লিনিক্যাল, মেডিক্যাল ও সার্জিক্যাল অনকোলজি, প্যাথলজি, রেডিওলজি, নিউক্লিয়ার মেডিসিন ও মেডিক্যাল ফিজিকসের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয়, মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড গঠন এবং ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির ওপর জোর দেন তিনি।
বক্তারা তামাক নিয়ন্ত্রণ, এইচপিভি টিকা, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং, জনসচেতনতা ও দ্রুত রোগ শনাক্তের জন্য একটি জাতীয় জনসংখ্যাভিত্তিক ক্যান্সার নিবন্ধন (পপুলেশন-বেসড ক্যান্সার রেজিস্ট্রি) গড়ার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ওষুধশিল্প ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লিনিক্যাল ট্রায়ালে অংশীদারত্বের তাগিদও আসে বৈঠকে।
উপস্থিত ছিলেন বিএমইউর সাবেক অস্থায়ী উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহা. মোস্তফা আজিজ সুমন, বিএইচআরএফ সভাপতি প্রতীক এজাজ ও সাধারণ সম্পাদক মুজাহিদ শুভসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক, ডেইলি বাংলাদেশ
ছবি: A.M.R. / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.5); শাহবাগে বিশ্ববিদ্যালয়ের ভবন
সূত্র: ডেইলি বাংলাদেশ




মন্তব্য
(০)