উটের প্রস্রাবের সক্রিয় উপাদান থেকে তৈরি ওষুধে ক্যানসার নিরাময় সম্ভব, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এমন দাবি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ) নিশ্চিত করেছে, আলোচিত পণ্যটি ক্যানসারের কোনো অনুমোদিত ওষুধ নয়, এটি কেবল একটি খাদ্যসম্পূরক।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উটের মূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে বিভ্রান্তি তৈরি করলে এসএফডিএ আনুষ্ঠানিক বক্তব্য দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, পণ্যটি ক্যানসার বা অন্য কোনো রোগের চিকিৎসায় ব্যবহারের অনুমোদন পায়নি। এতে মূলত শরীরের প্রতিদিনের পুষ্টির চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের মিশ্রণ রয়েছে, আর নিবন্ধিত পণ্যটি কেবল সাধারণ খাদ্যসম্পূরক হিসেবেই বিক্রি ও ব্যবহার করা যাবে।
এসএফডিএ জোর দিয়ে বলেছে, পণ্যটি ক্যানসার সারাতে কার্যকর, এমন কোনো বৈজ্ঞানিক বা অনুমোদিত ভিত্তি নেই। ক্যানসারের চিকিৎসায় এটির অনুমোদন পাওয়ার যে খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, সংস্থাটি তা সম্পূর্ণ নাকচ করেছে।
সংস্থাটি সাধারণ মানুষকে এমন বিভ্রান্তিকর গুজবে কান না দিতে এবং ক্যানসারের মতো রোগে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসাপদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
ছবি: Peter Dowley / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0); মরুভূমিতে আরবীয় উট ও তার বাচ্চা, প্রতীকী ছবি
সূত্র: ইত্তেফাক





মন্তব্য
(০)