ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় সেপ্টেম্বর ও অক্টোবরের একের পর এক নিম্নচাপের ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বোরো মৌসুমে ধানসহ কয়েক ধরনের শস্যের বীজ দেবে রাজ্যের কৃষি দপ্তর। এ জন্য জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত কৃষকদের নথি নেওয়া শুরু করবে, জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
জেলার ২৫টি ব্লকের বেশির ভাগ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে; বিঘার পর বিঘা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে, ফুলচাষেও গাছ ও ফুল পচে গেছে। জেলা প্রশাসনের সূত্রে, জেলাশাসক এরই মধ্যে ১৯টি ব্লককে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে তালিকা রাজ্য সচিবালয় নবান্নে পাঠিয়েছেন। সব মিলিয়ে জেলার ২,১৬৫টি মৌজার কৃষিজমি ক্ষতিগ্রস্ত।
তালিকায় আছে তমলুক মহকুমার নন্দকুমার, চণ্ডীপুর ও ময়না ব্লকের ২৯৮টি মৌজা; হলদিয়া মহকুমার মহিষাদল, সুতাহাটা, হলদিয়া এবং নন্দীগ্রাম-১ ও ২ ব্লকের ৩৫৪টি; কাঁথি মহকুমার দেশপ্রাণ, রামনগর-১ ও ২, খেজুরি-১, ভগবানপুর-২ ও কাঁথি-৩ ব্লকের ৭৯০টি এবং এগরা মহকুমার ভগবানপুর-১, এগরা-১ ও ২, পটাশপুর-১ ও ২ ব্লকের ৭২৩টি মৌজা।
তালিকাটি করা হয়েছে উপগ্রহচিত্র ও মাঠ সমীক্ষার ভিত্তিতে। এখন কোন কোন কৃষক ক্ষতিগ্রস্ত, তা খুঁজে বের করতে জেলা কৃষি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে; ব্লকের সহকারী কৃষি অধিকর্তাদের কৃষকের নথি ও তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।
জেলা কৃষি দপ্তরের এক কর্মকর্তা বলেন, উৎসবের ছুটির পরই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হবে; নতুন করে চাষের খরচ কমাতেই বীজ বিলির সিদ্ধান্ত।
ছবি (প্রতীকী): পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় বর্ষায় জলমগ্ন ধানখেত। ছবি: Fjdjkb / উইকিমিডিয়া কমন্স (CC0)
সূত্র: আনন্দবাজার





মন্তব্য
(০)