ফিউশন খাবার যাঁদের পছন্দ, তাঁদের জন্য চিংড়ি আর আনারসের মেলবন্ধনে ঝাল-মিষ্টি একটি পদ। আজকের পত্রিকার ফিচার ডেস্কে রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা; রান্নায় কোনো পানি লাগে না, আনারসের রসেই সেদ্ধ হয়।
উপকরণ: বড় আনারস একটি, বড় চিংড়ি ছয়টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি পাঁচ থেকে সাতটি এবং সয়াবিন তেল চার টেবিল চামচ।
প্রস্তুতি: আনারস দুই ভাগ করে ভেতরের অংশ কুরিয়ে নিন অথবা মিহি কুচি করুন। খোল দুটি ফেলবেন না, পরিবেশনের বাটি হিসেবে লাগবে।
রান্না: কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভাজুন, তারপর চিংড়ি দিয়ে এক-দুই মিনিট ভাজুন। আদা-রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। এবার কোরানো আনারস দিয়ে নেড়েচেড়ে রান্না করুন; পানি দেবেন না, আনারসের পানিতেই রান্না হবে।
পানি শুকিয়ে এলে কাঁচা মরিচ ফালি দিয়ে লবণ দেখে নামিয়ে নিন। আনারসের খোলের বাটিতে ভরে পরিবেশন করুন।
ছবি: Thamizhpparithi Maari / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: আজকের পত্রিকা




মন্তব্য
(০)