আগাম শীতের সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার দাম কমতে শুরু করেছে। তবে মাছ ও মাংসের দামে তেমন পরিবর্তন নেই। শুক্রবার কাওরানবাজার, শান্তিনগর ও তুরাগের নতুনবাজার ঘুরে এই চিত্র পেয়েছে ইত্তেফাক।
প্রতি কেজি শিম ৬০ থেকে ৭০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা। ধুন্দল ও ঝিঙা ৫০ থেকে ৬০ টাকা, ঢ্যাঁড়শ ও কচুমুখি ৪০ থেকে ৫০ টাকা, বরবটি, করলা ও কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা কেজি।
সব সবজি অবশ্য সস্তা হয়নি। টমেটোর কেজি ১০০ টাকা, গাজর ১২০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা। প্রতি পিস লাউ ৫০ থেকে ৬০ টাকা। দেশি পুরোনো আলু মিলছে ২০ থেকে ২৫ টাকা কেজিতে।
পেঁয়াজের দাম কিছুটা কমে প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকায় নেমেছে, আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। দেশি আদা কেজিতে ১০ টাকা কমে ১৩০ টাকা। দেশি রসুন ১০০ থেকে ১২০ টাকা। শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা আমিনুল বলেন, শীতের সবজির সরবরাহ বাড়ছে, মাসখানেকের মধ্যে সব সবজির দাম আরও কমবে।
মাছের বাজারে প্রতি কেজি রুই ২৮০ থেকে ৩৮০ টাকা, কাতল ৩০০ থেকে ৩৮০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, চাষের কই ১৮০ থেকে ২৫০ টাকা, পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ৭৫০ থেকে ৯৫০ টাকা।
ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা, সোনালি ২৪০ থেকে ৩৩০ টাকা, দেশি মুরগি ৫৮০ থেকে ৬০০ টাকা। গরুর মাংস ৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। কিছুটা কমেছে শুধু ডিম: ফার্মের বাদামি ডিমের ডজন এখন ১৩০ থেকে ১৩৫ টাকা, গত সপ্তাহে ছিল ১৪০ টাকা।
ছবি: NahidSultan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: ইত্তেফাক


মন্তব্য
(০)