মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে উত্তর প্রদেশের মন্ত্রিসভা "রাজ্য প্রাণিসম্পদ মিশন" অনুমোদন করেছে। এর আওতায় কৃষক প্রতিটি দেশি গরু কেনার জন্য ৪০,০০০ রুপি ভর্তুকি পাবেন, একজন সর্বোচ্চ দুটি গরুর জন্য। খবরটি দিয়েছে রুরাল ভয়েস।
মন্ত্রিসভার বৈঠকে মোট ২২টি প্রস্তাব অনুমোদন হয়। বৈঠক শেষে রাজ্যের প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়নমন্ত্রী ধরমপাল সিং জানান, গরুগুলো বিমার আওতায় থাকবে। প্রিমিয়ামের ৮৫ শতাংশ দেবে রাজ্য সরকার, বাকি ১৫ শতাংশ কৃষক।
মন্ত্রী বলেন, কৃষকের আয় দ্বিগুণ করতে প্রাণিসম্পদ অপরিহার্য, কিন্তু খাতটি কম উৎপাদনশীলতা, বিচ্ছিন্ন বাজার আর মূল্য সংযোজনের ঘাটতিতে ভুগছে। জাতীয় প্রাণিসম্পদ মিশনের আদলে গড়া রাজ্যের মিশনের লক্ষ্য কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি, উৎপাদনশীলতা বাড়ানো ও বাজারে প্রবেশ সহজ করা।
কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়ন করে বর্তমানে দিনে দুই থেকে তিন লিটার দুধ দেওয়া গরুর উৎপাদন ১০ লিটারে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। মিশনে হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনকেও উৎসাহ দেওয়া হবে।
একই বৈঠকে গ্রেটার নয়ডায় ৬৯.৫২ একর জমিতে রোবটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা পার্ক এবং প্রায় ৩২২ কিলোমিটার দীর্ঘ চারটি সংযোগ এক্সপ্রেসওয়ে অনুমোদন পেয়েছে।
ছবি: Pavanaja / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Rural Voice





মন্তব্য
(০)