রাজধানীর বাজারে মাছ-মাংসের দাম বেড়েছে। গত দুই সপ্তাহে বিভিন্ন মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে, গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। মঙ্গলবার (২৭ অক্টোবর) নয়াবাজার, রায়সাহেব বাজার ও ধূপখোলা মাঠ বাজার ঘুরে এ চিত্র পেয়েছে বাংলানিউজ। তবে ডিমের দাম কিছুটা কমেছে।
মাছের বাজারে তেলাপিয়া কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, আগে ছিল ২০০ থেকে ২২০ টাকা। পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা (আগে ২০০ থেকে ২২০), রুই-কাতলা ২৮০ থেকে ৪৫০ টাকা (আগে ২৫০ থেকে ৩৮০), চিংড়ি ১,০০০ থেকে ১,২০০ টাকা (আগে ৮০০ থেকে ৯৫০)। পাবদা ৩৫০ থেকে ৬০০ টাকা, ট্যাংরা ৭০০, আইড় ৮০০ থেকে ১,৪০০, চিতল ৭০০ থেকে ১,০০০ আর বেলে ৭০০ থেকে ১,২০০ টাকা কেজি। আকার, প্রজাতি আর জীবিত কি না তার ওপর দাম নির্ভর করছে, বাজারভেদে কেজিতে ১০ থেকে ২০ টাকা পার্থক্যও আছে।
ব্রয়লার মুরগি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা, ১৫ দিন আগে ছিল ১৭০ থেকে ১৮০। সোনালি মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকা (গত মাসে ৩০০ থেকে ৩১০), দেশি মুরগি ৭৫০ থেকে ৮০০ টাকা (আগে ৬৫০ থেকে ৭৫০)। গরুর মাংস ৮০০ টাকা, হাড় ছাড়া ৮৫০ থেকে ৯০০ টাকা; খাসির মাংস ১,২০০ থেকে ১,৩৫০ টাকা।
ডিমে কিছুটা স্বস্তি। রায়সাহেব বাজারের বিক্রেতা মো. সোহরাব হোসেন জানান, ফার্মের মুরগির ডিম এখন হালি ৪৫ টাকা, এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা। হাঁসের ডিম হালি ৭০ থেকে নেমে ৬০ টাকা, দেশি মুরগির ডিম ৮৫ থেকে ৯০ টাকা থেকে কমে ৭০ টাকা।
বিক্রেতারা দাম বাড়ার কারণ হিসেবে আড়ত ও হাটের কথা বলছেন। নয়াবাজারের মাছ বিক্রেতা মো. সুমন বলেন, আড়তেই কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। রায়সাহেব বাজারের মাংস বিক্রেতা মো. রমজানের দাবি, হাটে গরুর সরবরাহ কম, আর মোটাতাজা করার খাবারের কারণে গরুর ওজনের তুলনায় মাংস কম মিলছে। ধূপখোলার মুরগি বিক্রেতা রুহুল আমিন জানান, দুই সপ্তাহে দাম বাড়ায় বিক্রি কমেছে।
নয়াবাজারের ক্রেতা মো. মনির হোসেন বলেন, জ্বালানির দাম বাড়ার অজুহাতে দাম বাড়ানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন তদারকি সংস্থাগুলোকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, তদারকি জোরদার করায় ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে।
প্রতিবেদন: বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট।
ছবি: মতিঝিলের বাজারে রুই মাছ বিক্রি (প্রতীকী), Wasiul Bahar / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: বাংলা নিউজ ২৪





মন্তব্য
(০)