দুর্বল বর্ষার পর ভারতের গুজরাট ও রাজস্থান মিলিয়ে ১৮টি জেলায় খরা ঘোষণা করা হয়েছে। ফসল নষ্ট হওয়া কৃষকদের জন্য ত্রাণও ঘোষণা করেছে গুজরাট, জানিয়েছে ডাউন টু আর্থ।
রাজস্থান তার ৪১টি জেলার ১৪টিতে খরা ঘোষণা করেছে, যার মধ্যে আছে চুরু, জয়সলমীর, জালোর, পালি, যোধপুর, বিকানের, বাড়মের ও বালোতরা। ভারতের আবহাওয়া অধিদপ্তরের হিসাবে ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর রাজ্যে বৃষ্টি হয়েছে ৩৪০.২ মিলিমিটার, যেখানে স্বাভাবিক ৪৩৫.৬ মিলিমিটার; ঘাটতি ২২ শতাংশ।
গুজরাট খরাকবলিত ঘোষণা করেছে চারটি জেলা: দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জামনগর ও কচ্ছ। ২৬ অক্টোবর গান্ধীনগরে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন, "এ মৌসুমে রাজ্যে সামগ্রিকভাবে প্রায় ৮৯ শতাংশ বৃষ্টি হয়েছে। কিন্তু দেবভূমি দ্বারকা, পোরবন্দর, কচ্ছ ও জামনগরে বৃষ্টি কম হয়েছে।"
কেন্দ্রের ২০১৬ সালের খরা নির্দেশিকা ও রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিলের নিয়ম অনুযায়ী এই চার জেলার কৃষকেরা ফসলের ক্ষতির জন্য হেক্টরপ্রতি ৮,৫০০ রুপি পাবেন, একজন সর্বোচ্চ দুই হেক্টরের জন্য। রাজ্য কেজিপ্রতি ২ রুপি ভর্তুকি দামে গোখাদ্য বিক্রি শুরু করেছে, গোশালাগুলোকে পশুপ্রতি ৮০ রুপি দেবে, আর ১ নভেম্বর থেকে গ্রামীণ কর্মসংস্থান মিশনে ১৫০ দিনের কাজ দেবে।
এর আগে কর্ণাটক, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশ তাদের কিছু এলাকায় খরা ঘোষণা করেছিল। আইআইটি গান্ধীনগরের ইন্ডিয়া ড্রাউট মনিটরের হিসাবে ২১ অক্টোবর পর্যন্ত ভারতের ৪৬.৭ শতাংশ ভূমি খরা পরিস্থিতিতে ছিল।
ছবি: Drashokk / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: ডাউন টু আর্থ





মন্তব্য
(০)