বেশি সার দেওয়া নয়, মাটি ও গাছের পুষ্টির সঠিক ভারসাম্যই ভালো ফলনের চাবিকাঠি। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের কাছে নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটির পিয়েনারসক্যাম্প গবেষণা খামারে দুই দিনের সংরক্ষণ কৃষি গবেষণা ফোরামে এই বার্তাই সবচেয়ে জোরালোভাবে এসেছে বলে জানিয়েছেন ফার্মার্স উইকলির জেডরি হার্মসে।
নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি, অ্যাসেট রিসার্চ ও কৃষি গবেষণা পরিষদ যৌথভাবে ফোরামটি আয়োজন করে। এখানে মূলত মেইজ ট্রাস্টের অর্থায়নে চলা সংরক্ষণ ও পুনরুজ্জীবনী কৃষি গবেষণার ফল তুলে ধরা হয়।
প্রথম দিনের আলোচনার কেন্দ্রে ছিল ডিআরআইএস (Diagnosis and Recommendation Integrated System) পদ্ধতি, যা গাছ ও তার মাটির রাসায়নিক উপাদান একসঙ্গে বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটির বাণিজ্যিক পরিচালক চার্লস লে রু বলেন, গাছে ঘাটতির লক্ষণ চোখে পড়ার সময় প্রায়ই কম খরচে প্রতিকারের সুযোগ আর থাকে না। তাঁর মতে, অনেক সার কর্মসূচি পুষ্টির মাত্রা এত বেশি ধরে যে একটি উপাদান আরেকটির শোষণ আটকে দেয়, ফলে দামি সারের একটা অংশ নষ্ট হয়। কৃষকেরা যাতে সহজে ব্যবহার করতে পারেন, সেজন্য ডিআরআইএস একটি ক্লাউড প্ল্যাটফর্ম তৈরি করেছে; সেখানে সাধারণ ল্যাব রিপোর্ট আপলোড করলে ফসলের সীমাবদ্ধ উপাদান কোনটি, তার সরল বিশ্লেষণ পাওয়া যায়।
অ্যাসেট রিসার্চ এখন তাদের সব পরীক্ষায় এই পদ্ধতিতে মাটির স্বাস্থ্য যাচাই করছে। ২০২৫/২৬ মৌসুমে পূর্ব ও পশ্চিমের গ্রীষ্মকালীন দানাশস্য অঞ্চলের আটটি খামার-পরীক্ষা এবং এমপুমালাঙ্গা, ফ্রি স্টেট ও নর্থ ওয়েস্টের বাণিজ্যিক খামার থেকে মাটির নমুনা নেওয়া হয়। লে রুর হিসাবে এখন পর্যন্ত তিন প্রদেশের ১৫টি এলাকা ও ৩৪টি স্থানের প্রায় ২০০টি পূর্ণাঙ্গ নমুনার তথ্য প্রস্তুত।
ফোরামের সভাপতি, ভিলজোয়েনসক্রুনের দানাশস্য ও গবাদিপশু খামারি কোবাস ফান কোলার মনে করিয়ে দেন, সংরক্ষণ কৃষি মানে শুধু চাষ না দেওয়া নয়। এতে আছে শস্য পর্যায়, ফসলের অবশিষ্ট বা আচ্ছাদন ফসল দিয়ে মাটি ঢেকে রাখা এবং গবাদিপশুকে চাষব্যবস্থায় যুক্ত করা; আর বিনা চাষ সব পরিবেশে উপযোগী নাও হতে পারে। ২০০৬ সাল থেকে নিজের খরচে তিনি খামারে পরীক্ষা চালাচ্ছেন, এমনকি আলাদা ট্রাক্টর, প্লান্টার ও স্প্রেয়ার কিনেছেন যাতে মূল উৎপাদনের মাঠে ব্যাঘাত না হয়।
অন্য কৃষকদের প্রতি তাঁর পরামর্শ, প্রতিবেশীর ফল দেখে নয়, নিজের জমিতে পরীক্ষা করে পদ্ধতি বেছে নিন, কারণ একই এলাকাতেও মাটি আলাদা। তাঁর কথায়, "অবহেলিত মাটি ভালো ফলনও দেয় না, মূল্যও ধরে রাখে না।"
ছবি: Alan Manson / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Farmers Weekly South Africa





মন্তব্য
(০)