বর্ষা শেষে খাল-বিল, নদী-নালা ও জলাশয়ের পানি কমতে শুরু করলে অনেক এলাকায় দেশি ছোট চিংড়ি সহজলভ্য হয়। বাজারেও এই মৌসুমি চিংড়ি ওঠে। এই চিংড়ির লাল ঝাল ভুনার রেসিপি দিয়েছেন শাহনাজ সেতু।
লাগবে ২৫০ গ্রাম ছোট চিংড়ি, শর্ষের তেল, পেঁয়াজ, টমেটোকুচি, মরিচগুঁড়া, রসুন ও আদাবাটা, ধনে, জিরা, হলুদ, লবণ, কাঁচা মরিচ ও ধনেপাতা।
চিংড়ি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে শর্ষের তেল গরম করে পেঁয়াজ লালচে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। টমেটোকুচি দিয়ে নরম হলে মরিচগুঁড়া দিন।
একটু ভেজে রসুন ও আদাবাটা দিন। এরপর ধনে, জিরা ও হলুদ সামান্য পানি দিয়ে ভালো করে কষান। মসলা তৈরি হলে চিংড়ি দিয়ে মিশিয়ে কম আঁচে পাঁচ থেকে সাত মিনিট ভুনুন।
তেল আলাদা হয়ে এলে কাঁচা মরিচ দিন, শেষে ধনেপাতা ছড়িয়ে চুলা বন্ধ করুন। চাইলে লবণ-হলুদ মাখানো চিংড়ি আগে সামান্য ভেজে নেওয়া যায়, তবে বেশি পেঁয়াজে অনেকক্ষণ ভুনা হয় বলে না ভাজলেও স্বাদ ভালো থাকে। রাঁধুনির পরামর্শ, এই পদে মরিচ একটু বেশিই মানায়।
রেসিপিটি প্রথম আলোয় প্রকাশিত শাহনাজ সেতুর রেসিপি অবলম্বনে।
ছবি: Kumar83 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: প্রথম আলো




মন্তব্য
(০)