হেমন্ত আসতে এখনো প্রায় ১৫ দিন বাকি, কিন্তু শরতের শেষ বেলায় প্রকৃতিতে ঋতুবদলের আভাস মিলতে শুরু করেছে। সিলেটে গাছে গাছে ফুটতে শুরু করেছে ছাতিম ফুল, সাদা ফুলে ভরে উঠেছে ডালপালা।
দিনের আলোয় ছাতিমের সৌন্দর্য চোখে পড়ে, আর সন্ধ্যা নামলে এর মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতে। পথ চলতে হঠাৎ নাকে আসা সেই গন্ধে মনে হয়, নতুন ঋতু আর বেশি দূরে নেই।
প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ ছবিগুলো তুলেছেন সিলেটের কিনব্রিজ এলাকা থেকে। একটি ছবিতে ফুলে ভরা ছাতিমগাছের ছায়ায় বসে আছেন এক ব্যক্তি, আরেকটিতে ফুলে ফুলে ঢেকে গেছে গাছের ডালপালা। নদীর পাড় তখন ছাতিমের গন্ধে ম-ম করছে।
অন্য ছবিগুলোতে দেখা যায়, ছাতিমের ডালে এসে বসেছে চড়ুই পাখি, ফুলের ঘ্রাণে আকৃষ্ট হয়ে ঘুরঘুর করছে মৌমাছি। গাছতলায় মাটিতে ঝরে পড়ে আছে ছাতিমের পাপড়ি, আর শরতের নীল আকাশের নিচে পুরো গাছটি যেন ফুলের ডালি।
আলোকচিত্র: আনিস মাহমুদ, প্রথম আলো (মূল প্রতিবেদনে)।
ছবি: Vinayaraj / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)