গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচগড়গড়িয়া গ্রামে অনুমোদনহীন কারখানায় ১৪টি মাটির চুল্লি বসিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হচ্ছে। গ্রামের ফসলি মাঠের মাঝখানে বসানো এসব চুল্লির ধোঁয়ায় দিনরাত এলাকা আচ্ছন্ন থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় শাহিন মিয়া, মেহেরুল ইসলাম ও ফেলু মিয়াসহ কয়েকজন প্রকাশ্যে গাছ পুড়িয়ে কয়লা বানাচ্ছেন। ধোঁয়ায় আশপাশের মানুষ শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন, ফসলি জমি ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘন কালো ধোঁয়া নিয়ে কথা বললে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
গড়গড়িয়া এলাকার বাসিন্দা মমিন মিয়া বলেন, কয়লা কারখানার ধোঁয়ার যন্ত্রণায় গ্রামে চলাফেরা করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, অবৈধ কয়লা কারখানার কথা তিনি শুনেছেন, ভালোভাবে জেনে প্রশাসনকে জানাবেন।
সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত জানান, প্রশাসন কয়েকবার অভিযান চালিয়ে সব কারখানা ভেঙে দিয়েছে; আবার তৈরি হয়ে থাকলে ফের অভিযান চালানো হবে।
প্রতিবেদনটি আমার দেশের সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি মিজানুর রহমান রাঙ্গার।
ছবি: উইকিমিডিয়া কমন্স (Public domain)
সূত্র: আমার দেশ





মন্তব্য
(০)