আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকাসহ সারা দেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্মাণস্থলের ধুলা ঠেকাতে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবকে সক্রিয় হতে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সোমবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ে রিহ্যাবের প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা সভায় তিনি নির্মাণে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ধাপে ধাপে বাড়ানোর তাগিদ দেন, জানিয়েছে সারাবাংলা।
মন্ত্রীর নির্দেশনার মধ্যে আছে নির্মাণস্থল যথাযথ আবরণে ঘিরে রাখা, মাটি-বালুসহ সামগ্রী ঢেকে রাখা, পরিবহনের সময় যানবাহন আচ্ছাদিত রাখা এবং সড়কে ওঠার আগে নির্মাণসামগ্রী ও বর্জ্যবাহী গাড়ির চাকা পরিষ্কার করা। নির্মাণস্থল ও আশপাশে দিনে অন্তত দুবার, ধুলা বেশি হলে আরও ঘন ঘন পানি ছিটাতে এবং নির্মাণবর্জ্য খোলা জায়গায় ফেলে রাখা বা পোড়ানোর বদলে দ্রুত অপসারণ করতে বলেছেন তিনি। সড়ক ও ফুটপাতে সামগ্রী রেখে চলাচলে বাধা ও ধুলা তৈরি না করার কথাও বলেন।
পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ধুলা নিয়ন্ত্রণ প্রতিটি নির্মাণ প্রকল্পের দৈনন্দিন কাজের অংশ করতে হবে এবং তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঠিক করা দরকার। রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোকে প্রকল্পভিত্তিক পরিকল্পনা করে ব্লকের ব্যবহার বাড়াতে বলেন তিনি।
রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক ব্লকের গুণগত মান নিশ্চিত করা এবং ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারে খরচ যেন না বাড়ে, সেদিকে সরকারের দৃষ্টি চান।
সভায় নতুন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পে ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা ও সময়ভিত্তিক কর্মপরিকল্পনা, রাজউকসহ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, বিল্ডিং কোড ও নকশা অনুমোদনে ব্লক ব্যবহারের শর্ত যুক্ত করা এবং ব্লকের ওপর ভ্যাট, কর ও কাঁচামাল আমদানি শুল্ক যৌক্তিক করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়।
ছবি: ঢাকার বায়ুদূষণ। ছবি: Mirza Khalid / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: সারাবাংলা




মন্তব্য
(০)