ডেনমার্কের এগ্রিটেক স্টার্টআপ পারপ্ল্যান্ট (PerPlant)-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ফসল-সেন্সর এখন নতুন ভালট্রা (Valtra) ট্রাক্টরে কারখানা থেকেই লাগিয়ে কেনা যাবে বলে জানিয়েছে এজিফান্ডনিউজ। এজিসিও মালিকানাধীন ট্রাক্টর ব্র্যান্ডটির কাস্টমাইজেশন স্টুডিও ভালট্রা আনলিমিটেডের সঙ্গে চুক্তিতে এটি সম্ভব হয়েছে। ইউরোপের নির্বাচিত বাজারে ভালট্রার এ১০৫, এ১১৫, জি, এন, টি, কিউ ও এস সিরিজে সেন্সরটি মিলবে; অন্য দেশে চাহিদা অনুযায়ী। এ মাসেই নতুন ষষ্ঠ প্রজন্মের টি সিরিজের সঙ্গে বিক্রি শুরু।
সেন্সরটি দুটি ক্যামেরাসহ একটি এআই যন্ত্র, যা ট্রাক্টরের ছাদে বসানো হয়। ট্রাক্টর চলার সময় এটি ফসল স্ক্যান করে মানচিত্র তৈরি করে এবং তাৎক্ষণিক কাজের নির্দেশ দেয়: আগাছায় স্পট স্প্রে, আর সার, ছত্রাকনাশক ও বৃদ্ধি নিয়ন্ত্রকের পরিমাণ জায়গা বুঝে কমবেশি করা, দিনে বা রাতে। মৌসুমজুড়ে বায়োমাস, আগাছা ও ঝুঁকিপূর্ণ জায়গার তথ্য রেখে তা খামার ব্যবস্থাপনা সফটওয়্যারে পাঠায়। আইএসওবাস সমর্থিত স্প্রেয়ার, সার ছিটানো যন্ত্র ও বীজ বপন যন্ত্রের সঙ্গে এটি কাজ করে।
পারপ্ল্যান্টের দাবি, যন্ত্রভেদে কৃষকেরা উপকরণ ব্যবহার ৪০ থেকে ৮৭ শতাংশ কমাতে পেরেছেন; ২০০ হেক্টরের খামারে গড় চালনা খরচ হেক্টরপ্রতি প্রায় ৪ ইউরো (৪.৪ ডলার)। প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা রাসমুস এমিল হ্যানসেন (Rasmus Emil Hansen) বলেন, খরচ বেশি বলে কৃষকেরা শুধু এ জন্য নতুন স্প্রেয়ার কিনবেন না; তাঁরা হাতের যন্ত্রেই ফসল বোঝার প্রযুক্তি যোগ করতে চান।
২০২২ সালে কোপেনহেগেনে হ্যানসেন ও সুমোদ নন্দনওয়ার (Sumod Nandanwar) প্রতিষ্ঠানটি গড়েন। ইউরোপের ১০টির বেশি দেশ এবং চিলি ও আর্জেন্টিনায় এর ডিলার আছে, আর ১২টি দেশে এর সেন্সর আড়াই লাখ হেক্টরের বেশি জমির মানচিত্র তৈরি করেছে। ফিনল্যান্ডের বায়োবুস্টার্স অ্যাক্সিলারেটর থেকে ভালট্রার সঙ্গে সম্পর্কের শুরু। স্পট স্প্রে ও পরিমাণভিত্তিক প্রয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যাগ লিডারের সঙ্গেও অংশীদারত্ব করেছে তারা।
হ্যানসেনের মতে, দীর্ঘমেয়াদে আসল মূল্য হয়তো স্প্রেতে নয়, বরং প্রতিবার ট্রাক্টর চলার সময় সেন্সর যে সেন্টিমিটার-মাপের মাঠের তথ্য জমায় তাতে। এ তথ্য দিয়ে কৃষিবিদ ও উপকরণ কোম্পানিগুলো যাতে নিজেদের এআই টুল বানাতে পারে, সে জন্য নেক্সাস (Nexus) নামে একটি পণ্য তৈরি হচ্ছে; নেদারল্যান্ডসের সবচেয়ে বড় কৃষি সমবায়ের সঙ্গে এটি যাচাই হয়েছে এবং আগামী বছরের শুরুতে চালু হওয়ার কথা। প্রতিষ্ঠানটি সম্প্রতি ১০ লাখ ইউরো তুলেছে, এখন ৫০ লাখ ইউরো তুলছে। প্রতিবেদনটি করেছেন জেনিফার মারস্টন।
ছবি: Antti Leppänen / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: এজিফান্ডনিউজ





মন্তব্য
(০)