মেজবানি বললে সাধারণত চট্টগ্রামের ঝাল-মসলায় কষানো গরুর মাংসের কথাই মনে আসে। তবে একই মসলার কৌশলে মুরগি দিয়েও মেজবানি স্বাদের ভুনা রান্না করা যায়। এগ্রিকেয়ার২৪-এর লাইফস্টাইল রেসিপি ডেস্ক পদটির উপকরণ ও রান্নার ধাপ দিয়েছে।
মূল উপকরণ: মুরগির মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, পেঁয়াজ বাটা ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া দেড় চা চামচ, ধনিয়া গুঁড়া দেড় চা চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ১ চা চামচ, তেজপাতা ২-৩টি, কাঁচা মরিচ ৭-৮টি, তেল ১ কাপ এবং লবণ স্বাদমতো।
ভাজা মসলার জন্য লাগবে জিরা ১ টেবিল চামচ, এলাচ ৩-৪টি, দারুচিনি ৩ টুকরা, কয়েক টুকরা জয়ত্রী, মৌরি ১ চা চামচ, মেথি ১ চা চামচ, কাবাবচিনি ১ চা চামচ এবং সামান্য জায়ফল। এগুলো অল্প আঁচে হালকা ভেজে ঠান্ডা করে গুঁড়া করুন। বেশি ভাজলে মসলা তিতা হয়ে যেতে পারে।
এরপর মাংসে ভাজা মসলার অর্ধেক, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া, সরিষা ও পোস্তদানা বাটা, তেজপাতা আর লবণ মাখিয়ে ঢেকে অন্তত এক ঘণ্টা রেখে দিন।
হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি লালচে করে ভাজুন। তারপর মাখানো মাংস দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষান। তেল ছেড়ে এলে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন, মাঝে মাঝে নেড়ে দিন যাতে তলায় না লাগে।
মাংস সেদ্ধ হয়ে ঝোল ঘন হলে কাঁচা মরিচ ও বাকি ভাজা মসলা মিশিয়ে কম আঁচে আরও কিছুক্ষণ রাখুন। মসলা মাংসের গায়ে লেগে তেল ওপরে উঠে এলে চুলা বন্ধ করুন। কয়েক মিনিট ঢেকে রাখলে মসলার ঘ্রাণ মাংসে বসে যায়।
গরম ভাত, চালের রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন মেজবানি মুরগি ভুনা।
ছবি: abdullah2ice / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: এগ্রিকেয়ার২৪





মন্তব্য
(০)