ভারতের হরিয়ানা রাজ্য সরকার মৌমাছি পালনকে উদ্যান ফসল বিমা প্রকল্প "মুখ্যমন্ত্রী বাগওয়ানি বিমা যোজনা"-র আওতায় এনেছে। দুর্যোগ, দুর্ঘটনা ও রোগে কলোনি হারালে মৌচাষিরা এখন ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছে রুরাল ভয়েস।
সিদ্ধান্ত ঘোষণা করে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শ্যাম সিং রানা বলেন, এতে মৌমাছি পালনে যুক্ত কৃষক ও উদ্যোক্তারা আর্থিক নিরাপত্তা পাবেন এবং ব্যবসার ঝুঁকি কমবে।
বন্যায় ডুবে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া বা পরিবহন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মৌবাক্স ও কলোনি, আর মৌমাছির মহামারিতে ক্ষতি এই বিমার আওতায় থাকবে। তবে পরিবহন দুর্ঘটনা হরিয়ানার ভেতরে হতে হবে এবং প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) বা দৈনিক ডায়েরি প্রতিবেদন (ডিডিআর) লাগবে।
প্রিমিয়াম কলোনিপ্রতি ৫০ রুপি এবং বাক্সপ্রতি ৫০ রুপি। বিমার অঙ্ক কলোনিপ্রতি ১,২৫০ রুপি ও বাক্সপ্রতি ১,২৫০ রুপি। একজন মৌচাষি সর্বোচ্চ ২৫০টি কলোনি ও ২৫০টি বাক্স বিমা করাতে পারবেন, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ ৩,১২,৫০০ রুপি।
সুবিধা পেতে মৌচাষিকে রাজ্যের দামের ফারাক পূরণ প্রকল্প "ভাবান্তর ভরপাই যোজনা"-র মধু অংশে নিবন্ধিত হতে হবে এবং প্রতিটি বাক্সের জন্য সেই প্রকল্পের ইউনিট নম্বর দিতে হবে।
পরাগায়ন ও মধু সংগ্রহের জন্য যে মৌচাষিরা এক ফসলের মাঠ থেকে আরেক মাঠে কলোনি সরান, তাঁদের পুরো সম্পদ রাস্তায় ও বর্ষায় ঝুঁকিতে থাকে। নতুন বিমা সেই ঝুঁকির ভাগ নিতেই করা হয়েছে।
ছবি: SrijanaSikkim / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: Rural Voice





মন্তব্য
(০)