ইউরোপের মৌসুম-শেষের খরা শস্যের দাম বাড়াবে—এই আশা ভেঙে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের কৃষি ও উদ্যানপালন উন্নয়ন বোর্ড Agricultural and Horticultural Development Board (এএইচডিবি)। ১১ সেপ্টেম্বর শুক্রবার শেষ হওয়া লেনদেন সপ্তাহে যুক্তরাজ্যের নভেম্বর ২০২৬ ফিড গমের ফিউচার টনে ২.৭৫ পাউন্ড বা ১.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০৯.৭৫ পাউন্ডে।
শুক্রবার মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) মাসিক সরবরাহ ও চাহিদা প্রতিবেদন প্রকাশের পর বৈশ্বিক শস্য বাজার সপ্তাহ শেষ করেছে নিম্নমুখী হয়ে। ডিসেম্বর ২০২৬ প্যারিস গম ফিউচার সপ্তাহে ২.১ শতাংশ হারিয়েছে; শিকাগোর ডিসেম্বর গম ও ভুট্টা ফিউচার কমেছে ১.২ শতাংশ করে।
প্রতিবেদনের আগে ফটকা ব্যবসায়ীরা ফিউচার বাজারে ভারী কেনাকাটা করেছিলেন; প্রতিবেদন আসার পর মুনাফা তুলতে বিক্রি শুরু করেন। গ্রীষ্মের গরমে ফলন কমায় ইউএসডিএ ২০২৬ সালের মার্কিন ভুট্টার পূর্বাভাস ৫৪ লাখ টন কমিয়ে ৪০ কোটি ১৩ লাখ টন করেছে, কিন্তু তাতে ২০২৬/২৭ মৌসুমের মার্কিন ভুট্টা মজুত বাজারের প্রত্যাশার চেয়ে কম কমেছে। ২০২৬/২৭ মৌসুম শেষে বিশ্ব গম মজুতের পূর্বাভাস অপ্রত্যাশিতভাবে বাড়ানোও দাম কমিয়েছে—অস্ট্রেলিয়া ও কানাডার ফসলের অনুমান বাড়ায় মজুত এখন ২৭ কোটি ৬৩ লাখ টন, আগস্টের প্রতিবেদনের চেয়ে ৩০ লাখ টন বেশি।
সপ্তাহের শুরুতে রাশিয়া-ইউক্রেন আলোচনার সম্ভাবনা দামের ওপর চাপ ফেলেছিল, যদিও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় নতুন বিমান হামলা ও কৃষ্ণসাগরীয় বাণিজ্যে চলমান বিঘ্নের তথ্য সেই প্রভাব সীমিত রাখে।
মার্কিন সয়াবিন ফসলের অনুমান ইউএসডিএ অপ্রত্যাশিতভাবে বাড়ানোয় এবং মজুত প্রত্যাশার চেয়ে কম কমানোয় তেলবীজের ফিউচারও চাপে পড়ে; ফটকা ব্যবসায়ীদের বিক্রিতে পতন বাড়ে। সপ্তাহের বেশিরভাগ সময় অবশ্য মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগরের সংঘাত দামকে ঠেকিয়ে রেখেছিল—নিকটবর্তী ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মে মাসের পর প্রথমবার ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে শুক্রবার শেষ হয় ১০৪.৬১ ডলারে, সপ্তাহে ৮.৭ শতাংশ বৃদ্ধি; চীনও মার্কিন সয়াবিন কেনা অব্যাহত রেখেছে, রয়টার্সের অনুমানে গত সপ্তাহে আরও ১০ লাখ টন।
বাজার পর্যালোচনাটি Agriland-এর জন্য লিখেছেন Richard Halleron (রিচার্ড হ্যালেরন)।
সূত্র: Agriland





মন্তব্য
(০)