রাঙামাটি শহরের রাঙাপানি গ্রামে শুরু হয়েছে শীতকালীন শাকসবজি চাষের মৌসুম, আর এর মূল কারিগর স্থানীয় পাহাড়ি নারীরা। জমি তৈরি, বীজ বোনা, চারার যত্ন আর আগাছা পরিষ্কারে এখন তাঁদের ব্যস্ত দিন কাটছে। প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমার ছবির গল্পে উঠে এসেছে এই চিত্র।
একই জমিতে মিশ্র পদ্ধতিতে চাষ হচ্ছে লালশাক, শর্ষেশাক, মুলা, বেগুন, টমেটো, শিম, কুমড়া, ধনেপাতা ও ভুট্টা। খেতের উর্বরতা বাড়াতে নারীরা নিজেরাই গোবর, খড় ও শুকনা পাতা পচিয়ে জৈব সার তৈরি করছেন।
পাখি ও ক্ষতিকর পোকা থেকে ফসল বাঁচাতে খেতজুড়ে টাঙানো হয়েছে জাল ও পলিথিন। পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে বিষমুক্ত এই তাজা সবজি স্থানীয় বাজারে বিক্রি করে সংসারে বাড়তি আয়ও করছেন তাঁরা।
ঘরের পাশের ঢালু জমিতে নিজেদের সার আর জাল দিয়ে এমন মিশ্র চাষ পাহাড়ের ছোট পরিবারগুলোর জন্য নিজেদের খাবারের সবজি আর বাজারে বিক্রির বাড়তি আয়, দুটোই জোগায়।
ছবি: সুপ্রিয় চাকমা, প্রথম আলো
সূত্র: প্রথম আলো




মন্তব্য
(০)