হালকা ঠান্ডা পড়তেই অনেকে হাঁসভুনা খেতে চান। রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খাওয়ার মতো হাঁসভুনার এই রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ: চামড়াসহ টুকরা করা হাঁসের মাংস এক কেজি, পেঁয়াজকুচি এক কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদা-রসুনবাটা ২ টেবিল চামচ, টমেটোকুচি একটি, টকদই চার টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া এক চা-চামচ করে, কাশ্মীরি লঙ্কাগুঁড়া ১ চা-চামচ, গরম মসলাগুঁড়া এক চা-চামচ, গোটা গরম মসলা দুই-তিনটি করে, সরিষার তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো এবং পরিমাণমতো গরম পানি।
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে টকদই, আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আর সামান্য তেল দিয়ে মাংস মেখে দুই ঘণ্টা রেখে দিন, এতে মসলা মাংসের ভেতরে ঢুকবে।
কড়াইয়ে সরিষার তেল গরম করে এলাচ, দারুচিনি ও তেজপাতার ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজকুচি সোনালি করে ভাজুন, তারপর পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা ও টমেটোকুচি দিয়ে কষিয়ে নিন।
এবার মেরিনেট করা মাংস ও লবণ দিয়ে অল্প পানিতে ঢেকে রান্না করুন, যতক্ষণ না মাংস সেদ্ধ হয়। মাংস নরম হয়ে ঝোল মাখা মাখা হলে গরম মসলা, চিনি ও ঘি ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই তৈরি হাঁসভুনা।
সূত্র: আজকের পত্রিকা



মন্তব্য
(০)