রাজধানীর বাজারে চাল, ডাল, আটা ও ময়দার দাম আবার বেড়েছে। সোমবার (২৬ অক্টোবর) কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গত দুই সপ্তাহে বিভিন্ন চালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে, আর কোনো কোনো ডালের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। আয় না বাড়ায় অনেক পরিবার বাজারের পরিমাণ কমাতে বাধ্য হচ্ছে।
সরু নাজিরশাইল ও মিনিকেট মানভেদে কেজি ৭০ থেকে ৯০ টাকা, এক সপ্তাহ আগে যা ছিল ৬৮ থেকে ৮৫ টাকা। মাঝারি পাইজাম, ব্রি-২৮ ও ব্রি-২৯ কেজিতে ৩ টাকা বেড়ে ৫৮ থেকে ৬৫ টাকা, মোটা চায়না ইরি, গুটি ও স্বর্ণা ২ থেকে ৩ টাকা বেড়ে ৫০ থেকে ৫৫ টাকা। ব্যতিক্রম খোলা পোলাও চাল, যা কেজিতে ৩০ টাকা কমে ১৯০ টাকায় নেমেছে; প্যাকেটজাত পোলাও চাল অবশ্য ২২০ থেকে ২৩০ টাকা। টিসিবির হিসাবে, গত বছর এ সময়ে মোটা চাল ছিল ৫৫ থেকে ৬৫ টাকা, সরু চাল ৭৫ থেকে ৮৫ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, সাধারণত নতুন চাল বাজারে এলে পুরোনো চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ে; এবার নতুন চাল আসার আগেই বেড়েছে। ধূপখোলা মাঠ বাজারের মোহাম্মদ হোসেন রাইসের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম একে অস্বাভাবিক বলেছেন। ডিসেম্বর থেকে খুচরা বাজারে নতুন চাল আসতে পারে।
ডালের দাম বেড়েছে বেশি। মোটা মসুর ৯৫ থেকে ১১০ টাকা, ভালো মানের মসুর ১৫০ থেকে ১৭০ টাকা। মুগ ডাল এক সপ্তাহে কেজিতে ১০ টাকা বেড়ে ১২০ থেকে ১৭০ টাকা। বুটের ডাল ৯০ থেকে বেড়ে ১২০ টাকা, ছোলার ডাল ২০ টাকা বেড়ে ১১০ টাকা, ডাবলি ও অ্যাংকর ১০ টাকা বেড়ে ৬৫ টাকা। মটর (১২০ টাকা) ও মাসকলাই (১৯০ টাকা) অপরিবর্তিত।
খোলা আটা কেজি ৪৮ থেকে ৫০ টাকা, প্যাকেটজাত ৬৫ থেকে ৭০ টাকা। টিসিবির হিসাবে এক মাসে খোলা আটা ২ শতাংশ ও প্যাকেটজাত আটা ৮ শতাংশ, খোলা ময়দা ৩ দশমিক ৭০ শতাংশ ও প্যাকেটজাত ময়দা ৬ শতাংশ বেড়েছে। খোলা ময়দা এখন ৭০ টাকা, প্যাকেটজাত ৮৫ থেকে ৯০ টাকা।
সেপ্টেম্বরে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ার পর পরিবহন খরচ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা; বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাকেও দায়ী করছেন কেউ কেউ। আদনান অ্যান্ড আরাফাত ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেনের ধারণা, সরকার রপ্তানি বন্ধ করায় খোলা পোলাও চালের দাম কমেছে। বিবিএসের হিসাবে সেপ্টেম্বরে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, টিসিবি ও খোলাবাজারে বিক্রি চাহিদার তুলনায় যথেষ্ট নয়; শুধু জরিমানা নয়, সরবরাহ স্বাভাবিক রাখা এবং সামাজিক সুরক্ষা ও রেশনিংয়ের আওতা বাড়ানো দরকার।
প্রতিবেদন: বাংলা নিউজ ২৪-এর সিনিয়র করেসপন্ডেন্ট।
ছবি: থালায় মসুর ডাল, Yuvalif / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: বাংলা নিউজ ২৪





মন্তব্য
(০)