ফরিদপুরের চরভদ্রাসনে 'বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ' প্রকল্পের আওতায় ৬০ জন কৃষক-কৃষাণিকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চরভদ্রাসন এই আয়োজন করে।
প্রশিক্ষণে চরাঞ্চলে ফসলের নিবিড়তা ও উৎপাদন বাড়ানো, উন্নত জাতের ফসল চাষ আর মাটি ব্যবস্থাপনার কথা আলোচনা হয়। মালচিং পদ্ধতিতে অফ-সিজন তরমুজ চাষ, পলিহাউসে বিষমুক্ত সবজি উৎপাদন, স্যান্ডবার পদ্ধতিতে সবজি চাষ, ট্রেতে সবজির চারা তৈরি এবং ভার্মি কম্পোস্ট বানানোর কৌশল হাতে-কলমে শেখানো হয়। বসতবাড়িতে সারা বছর ফল ও সবজি চাষের উপায়ও তুলে ধরা হয়।
পোকামাকড় দমনে আলাদা করে সময় দেওয়া হয়। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, কুমড়াজাতীয় সবজির মাছি পোকা, কাঁঠালের পোকা আর পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ ঠেকানো এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়।
আখ, পাট, মিষ্টি আলু, ডাল, সরিষা, সয়াবিন, সূর্যমুখী, চিনাবাদাম, মাল্টা, পেয়ারা ও তরমুজসহ নানা ফসলের উন্নত জাত ও চাষপদ্ধতিও উপস্থাপন করা হয়।
প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবুল হোসেন মিয়া, চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান বিন ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সানজিদা সুলতানা এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা আসাদুল্লাহ।
আলোচনা শেষে চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়া, ফসলের উৎপাদন বাড়ানো এবং কৃষকের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণিরা এতে অংশ নেন। এগ্রিকেয়ার২৪ খবরটি কৃষি তথ্য সার্ভিস, বরিশালের সূত্রে প্রকাশ করেছে।
ছবি: Baized hossain / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0); ফরিদপুরের এক কৃষকের প্রতীকী ছবি
সূত্র: এগ্রিকেয়ার২৪





মন্তব্য
(০)