সবুজ ধানখেতের মাঝে কালচে রঙের শিষ দুলছে। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গোলক প্রতিমাছড়ায় নিজের ১২ শতক জমিতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস বা কালো ধানের চাষ করেছেন তরুণ উদ্যোক্তা এনামুল হক। স্থানীয়ভাবে জানা গেছে, পানছড়িতে এটিই প্রথম কালো ধান চাষের উদ্যোগ।
বীজের জন্য এনামুল বগুড়া থেকে প্রতি কেজি ৫০০ টাকা দরে ধান কিনে আনেন। নিজের জমিতে বীজতলা করে চারা রোপণ করেন। পরিচর্যার পর এখন গাছে গাছে কালচে শিষ বের হচ্ছে; কিছু শিষ বেশ বড় ও পরিপুষ্ট হওয়ায় ভালো ফলনের আশা করছেন তিনি।
এনামুল বলেন, ১২ শতক জমিতে চার মণ ধান পাওয়া যেতে পারে। তাঁর হিসাবে বাজারে কালো চালের চাহিদা ও দাম দুটিই তুলনামূলক ভালো, প্রতি কেজি চাল বিক্রি হয় ২৫০ থেকে ৩৫০ টাকায়, আর পুষ্টিগুণের কারণেও এর আলাদা চাহিদা আছে। আশানুরূপ ফলন পেলে আগামী বছর আরও বড় পরিসরে চাষের পরিকল্পনা তাঁর।
উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, পানছড়িতে চাষ হওয়া ব্ল্যাক রাইসের ফলন ভালো হয়েছে। এটি উচ্চ পুষ্টিমানের ধান; চাষ সম্প্রসারিত হলে কৃষকেরা বেশি দাম পেয়ে লাভবান হবেন। আবাদ বাড়াতে কৃষকদের কারিগরি সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি।
উপসহকারী কৃষি কর্মকর্তা নয়ন্টু চাকমা জানান, এনামুল অন্য জেলা থেকে বীজ এনে চাষ করেছেন। তাঁর ভাষ্য, এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত একটি নতুন জাত এবং উচ্চমূল্যের ফসল, যা চাষ করে কৃষকেরা লাভবান হতে পারেন।
ছবি: Koba-chan / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.5); কালো ধানের খেতের প্রতীকী ছবি
সূত্র: সমকাল





মন্তব্য
(০)