ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার গুজরাটের বনাসকাঁথা জেলার ভিলডিতে ভারত বোভাইন ব্রিডিং অ্যান্ড রিসার্চ সেন্টার (বিবিবিআরসি) উদ্বোধন করেছেন। ৩২৫ কোটি রুপি ব্যয়ে গড়া এই কেন্দ্রের লক্ষ্য দেশি গরু ও মহিষের জাত উন্নয়ন এবং দুধের উৎপাদন বাড়ানো।
কেন্দ্রটি ১২৭ একর জায়গাজুড়ে। এটি গড়েছে বনাস ডেইরি, কারিগরি সহায়তা দিয়েছে ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি), আর কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় সহায়তা মিলেছে।
এখানে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) ও ভ্রূণ প্রতিস্থাপনের মতো উন্নত প্রজনন প্রযুক্তি ব্যবহার করা হবে। বছরে ২৫ হাজার ভ্রূণ উৎপাদনের লক্ষ্য রয়েছে। প্রজনন কর্মসূচিতে থাকছে দেশি গরুর কাংক্রেজ, গির, শাহিওয়াল ও থারপারকার জাত এবং মহিষের মেহসানি, বান্নি, জাফরাবাদি ও মুররাহ জাত।
উদ্দেশ্য হলো খামারিরা যেন কম পশু থেকে বেশি দুধ পান। পশু পালনের খরচ বাড়ছে, গোখাদ্যও সহজে মিলছে না, তাই এটি জরুরি। কেন্দ্রটি খামারিদের সাশ্রয়ী দামে মানসম্মত সিমেন, ভ্রূণ ও অন্যান্য প্রজনন সেবাও দেবে।
উদ্বোধনের সময় মোদির সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং বনাস ডেইরির চেয়ারম্যান ও গুজরাট বিধানসভার স্পিকার শঙ্কর চৌধুরী। তিনি কেন্দ্রটি ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
রুরাল ভয়েসের প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পটি বৈজ্ঞানিক প্রজনন পদ্ধতি ও দেশি জাতের উন্নয়নকে জোরদার করবে এবং দুধের ওপর নির্ভরশীল পরিবারগুলোর আয়ের সম্ভাবনা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
ছবি: Pavanaja / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Rural Voice




মন্তব্য
(০)