ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেষ্টপুর গ্রামের দুই বন্ধু আব্দুল মজিদ ও নজরুল ইসলাম তিন বছর আগে ৪০টি হাঁস দিয়ে যৌথ খামার শুরু করেন। তাঁদের খামারে এখন কয়েক হাজার হাঁস। ডিম ও বাচ্চা বিক্রি আর পুকুরের মাছ মিলিয়ে বছরে ২৫ থেকে ৩০ লাখ টাকা আয় হচ্ছে বলে তাঁরা জানান।
শুরুটা সহজ ছিল না। আব্দুল মজিদ বলেন, লাভ কম হতো, হাঁস নানা রোগে মারা যেত, কী করতে হবে জানা ছিল না। নজরুল ইসলাম জানান, হাঁসের খামারের অভিজ্ঞতা না থাকায় শুরুতে লোকসান হয়েছে। পরে তাঁরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নেন।
তাঁরা একই সঙ্গে পুকুরে মাছ ও হাঁস পালন শুরু করেন। হাঁসের বিষ্ঠা মাছের খাবারের কাজ দেয়। পরে বাণিজ্যিকভাবে ইনকিউবেটরে হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি শুরু করেন, তাতেই খামারের আয় বাড়ে।
খামারে এখন গড়ে প্রতিদিন ৬ জন কাজ করেন। কর্মচারী আবু বক্কর জানান, দুই বছর ধরে তিনি এখানে হাঁসকে খাবার দেওয়া, ডিম তোলা ও বিষ্ঠা পরিষ্কারের কাজ করছেন। শুরুতে মাসে ৭ হাজার টাকা পেতেন, এখন পান ১২ হাজার।
দূর থেকেও মানুষ খামার দেখতে আসেন, নজরুল ইসলাম তাঁদের পরামর্শ দেন। পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তাঁরা খামারটি নিয়মিত পরিদর্শন করেন ও পরামর্শ দেন।
ছবি: Belayet2014 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)