যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্যের স্বাধীন মাংস ও পোলট্রি প্রক্রিয়াকারীরা সক্ষমতা বাড়াতে মাংস ও পোলট্রি প্রক্রিয়াকরণ সম্প্রসারণ কর্মসূচি (এমপিপিইপি)-র আওতায় ৫ কোটি ৭০ লাখ ডলার পাবেন বলে ২৬ অক্টোবর ওয়াশিংটনে ঘোষণা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স।
কর্মসূচিটি পরিচালনা করে ইউএসডিএর গ্রামীণ উন্নয়ন বিভাগের রুরাল বিজনেস-কোঅপারেটিভ সার্ভিস। কংগ্রেসের বরাদ্দ সাপেক্ষে ১৪৭টি প্রাথমিক অনুদানে মোট ৫ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ১৩০ ডলার বিনিয়োগ করা হবে। উদ্দেশ্য মাংস প্রক্রিয়াকরণ খাতে প্রতিযোগিতা বাড়ানো এবং সরবরাহ শৃঙ্খলকে আরও সহনশীল করা।
রলিন্স অনুদানগুলোকে গবাদিপশুর বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিয়ে প্রশাসনের নির্বাহী আদেশ এবং দেশের গবাদিপশুর পাল পুনর্গঠনের লক্ষ্যের সঙ্গে যুক্ত করেন; তাঁর মতে স্থানীয় প্রক্রিয়াকরণের সুযোগ বাড়লে খামারিরা আস্থা পাবেন।
আবেদনের যোগ্য মুনাফাভিত্তিক ও অলাভজনক প্রতিষ্ঠান, উৎপাদক মালিকানাধীন সমবায়, আদিবাসী গোষ্ঠী ও তাদের প্রতিষ্ঠান এবং রাজ্য বা স্থানীয় সরকারি সংস্থা। বেসরকারি আবেদনকারীকে স্বাধীন মালিকানা ও পরিচালনাধীন হতে হবে এবং সব প্রতিষ্ঠানকে দেশীয় মালিকানাধীন হতে হবে। ইউএসডিএ জানায়, এ কর্মসূচিতে এ পর্যন্ত ২০ কোটি ডলারের বেশি অনুদান দেওয়া হয়েছে, যাতে হাজারো কর্মসংস্থান তৈরি হয়েছে।
সূত্র: ইউএসডিএ





মন্তব্য
(০)