ভারতের সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন (এসইএ), এডব্লিউএল অ্যাগ্রি বিজনেস লিমিটেড, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও ভারতখণ্ড ফাউন্ডেশন রাজস্থানের বুন্দি, টঙ্ক ও ঝালাওয়ার জেলায় রিজেনারেটিভ বা পুনরুজ্জীবনী সরিষা চাষ ছড়াতে ‘সরসোঁ সংকল্প’ নামে পাঁচ বছরের কর্মসূচি শুরু করেছে। মোট বাজেট ১৬ কোটি রুপি।
২০২৬-২৭ সালে ১৫ হাজার সক্রিয় কৃষককে যুক্ত করা এবং ২০৩০-৩১ সালের মধ্যে ৪০ হাজারে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। মাটির স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, পানি ও উপকরণের দক্ষ ব্যবহার, ফসলের পুষ্টি এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ হবে সরিষাভিত্তিক চাষব্যবস্থায়।
একটি পদ্ধতি চাপিয়ে না দিয়ে কর্মসূচিতে থাকছে প্রশিক্ষণ, প্রদর্শনী প্লট, মডেল খামার, মাটি ও ফসলের পরামর্শ, মাঠপর্যায়ের সম্প্রসারণ সেবা, কৃষকের রেকর্ড রাখা ও ফলাফল পর্যবেক্ষণ। রিজেনারেটিভ পদ্ধতি সত্যিই খামারে ফল দেয় কি না, তার প্রমাণও সংগ্রহ করা হবে।
এডব্লিউএল অ্যাগ্রি বিজনেস করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে অর্থ দেবে, এসইএ সমন্বয় ও পর্যবেক্ষণ করবে, সলিডারিডাড কারিগরি সহায়তা দেবে, আর মাঠে বাস্তবায়ন করবে ভারতখণ্ড ফাউন্ডেশন। মুম্বাইয়ে এসইএর বার্ষিক সাধারণ সভায় সমঝোতা স্মারক সই হয়।
এসইএর সভাপতি সঞ্জীব আস্থানা বলেন, এই উদ্যোগ কৃষকের জীবিকা শক্ত করার পাশাপাশি তেলবীজে ভারতের স্বনির্ভরতায় ভূমিকা রাখতে পারে। সংগঠনের নির্বাহী পরিচালক ড. বি. ভি. মেহতা বলেন, মাঠে কাজ কতটা ভালো হয় এবং কী প্রমাণ মেলে, তার ওপরই নির্ভর করবে পদ্ধতিটি সারা দেশের সরিষা খাতে ছড়ানো যাবে কি না।
ছবি: Trees ForTheFuture / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: AgroSpectrum





মন্তব্য
(০)