স্বালবার্ড গ্লোবাল সিড ভল্ট পরিচালনাকারী তিন অংশীদার, নরওয়ে সরকার, নর্ডিক জেনেটিক রিসোর্স সেন্টার (নর্ডজেন) ও ক্রপ ট্রাস্ট, ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস আন্তর্জাতিক সহযোগিতা পুরস্কারের ৫০ হাজার ইউরো ঝুঁকিতে থাকা বীজ সংগ্রহ রক্ষায় খরচ করবে। খবরটি দিয়েছে সিড ওয়ার্ল্ড ইউরোপ।
অর্থ যাবে বীজ ব্যাংকের জরুরি তহবিলে। এই তহবিল যোগ্য বীজ ব্যাংকগুলোকে গুরুত্বপূর্ণ বীজের নিরাপত্তা কপি তৈরি করে স্বালবার্ডে জমা রাখতে সাহায্য করে। সম্পদের অভাবে যেসব সংগ্রহ অরক্ষিত থেকে যেত, সেগুলো অগ্রাধিকার পাবে।
নরওয়ের কৃষি ও খাদ্যমন্ত্রী নিলস ক্রিস্টেন স্যান্ডট্রোয়েন (Nils Kristen Sandtrøen) বলেন, যেসব সংগ্রহ এখনো সুরক্ষার বাইরে, সেখানে পুরস্কারের অর্থ দিয়ে তাঁরা সহযোগিতার সেই চেতনাই এগিয়ে নিচ্ছেন।
তহবিলটি যৌথভাবে চালায় ক্রপ ট্রাস্ট এবং খাদ্য ও কৃষির উদ্ভিদ কৌলিসম্পদ বিষয়ক আন্তর্জাতিক চুক্তির সচিবালয়। গুয়াতেমালায় এই তহবিলে নষ্ট হিমাগার মেরামত হয়েছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেশটি প্রথমবার স্বালবার্ডে ৯৩০টির বেশি বীজ নমুনা জমা দিয়েছে, যার মধ্যে ভুট্টা ও শিমও আছে। ইউক্রেনে হুমকির মুখে থাকা জাতীয় বীজ সংগ্রহ সরিয়ে নিরাপদ করতে এবং নতুন স্থাপনা গড়তে সহায়তা দিয়েছে তহবিলটি।
২০০৮ সালে নরওয়ের স্পিটসবার্গেন দ্বীপের এক পাহাড়ের ভেতরে চালু হওয়া এই ভান্ডারে বিশ্বের নানা বীজ ব্যাংকের বীজের বাড়তি কপি থাকে, যাতে দুর্যোগ, সংঘাত বা যন্ত্র বিকল হলেও বীজ হারিয়ে না যায়। চুক্তি সচিবালয়ের সচিব কেন্ট এনাদোজি বলেন, ফসলের বৈচিত্র্য সবার সম্পদ, কোথাও তা হারালে সব জায়গার কৃষক ও প্রজননবিদের বিকল্প কমে যায়।
জলবায়ু পরিবর্তন, পোকামাকড় ও রোগ সইতে পারে এমন জাত উদ্ভাবনে প্রজননবিদদের কাঁচামাল এই সংরক্ষিত বীজই।
ছবি: Bjoertvedt / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Seed World Europe





মন্তব্য
(০)