মৌসুমের শুরুতেই বাজার ধরতে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত নওগাঁর কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান জানান, চলতি মৌসুমে প্রায় ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আগাম সবজি হচ্ছে এবং কৃষকেরা ভালো দাম পাচ্ছেন। পরিচর্যা, রোগবালাই দমন ও আধুনিক পদ্ধতি নিয়ে মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মাঠে এখন ফুলকপি ও বাঁধাকপির চারা, মাচায় শিমের লতা, বেগুন, মুলা ও পালংশাক। সদর উপজেলার বর্ষাইলের সাইদুল ইসলাম এক বিঘায় বাঁধাকপিতে খরচ করেছেন প্রায় ৪৫ হাজার টাকা। এর মধ্যে প্রায় ৩০ হাজার টাকার কপি বেচেছেন, বর্তমান দর থাকলে মোট প্রায় ১ লাখ ২০ হাজার টাকা পাওয়ার আশা তাঁর। কসবা গ্রামের মুনছুর ইসলাম এক বিঘায় (৩৩ শতক) শিমে খরচ করেছেন প্রায় ৩০ হাজার টাকা, আশা করছেন ৫০ থেকে ৬০ হাজার টাকা বিক্রির।
তবে আবহাওয়ার বিরূপ আচরণ, পোকার আক্রমণ ও উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কাও মাথায় রাখছেন কৃষকেরা। ফলন ও বাজারদর ঠিক থাকলেই লাভের হিসাব মিলবে।
সরবরাহ বাড়ায় বাজারে দাম নামছে। শহরের বাজারে এখন কাঁচামরিচ কেজি ৮০ টাকা, বেগুন ৭০, করলা ৬০, ফুলকপি ৮০, পটোল ৪০, শিম ১২০, মুলা ৪০, ঝিঙে ৪০, বরবটি ৬০ ও শসা ৬০ টাকা; লাউ প্রতিটি ৪০ থেকে ৪৫ টাকা।
খুচরা বিক্রেতা ফিরোজ হোসেন জানান, এক সপ্তাহ আগে কিছু সবজির দাম ছিল এখনকার প্রায় দ্বিগুণ, এখন সবজিভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। পাইকার মিলন হোসেনের ভাষায়, সামনে আরও সবজি উঠলে দাম আরও কমতে পারে। পৌর কাঁচাবাজারের ক্রেতা জামিলুর রহমান ও পারভীন আক্তার কিছুটা স্বস্তি পেলেও বলছেন, এই দামও নিম্নআয়ের মানুষের সামর্থ্যের সঙ্গে পুরোপুরি মেলে না।
ছবি: NagaBazarRajshahi / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: দৈনিক বাংলা





মন্তব্য
(০)