ভারতের মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রিসভা খরাকবলিত ৩০৪টি তালুকের দেড় কোটি কৃষককে জনপ্রতি ৫,০০০ রুপি অগ্রিম সহায়তা অনুমোদন করেছে। দীপাবলির আগেই টাকা সরাসরি কৃষকের ব্যাংক হিসাবে যাবে বলে জানিয়েছে রুরাল ভয়েস।
যাঁদের ফসলের ক্ষতি ৩৩ শতাংশের বেশি, তাঁরা এই টাকা পাবেন। খরার ক্ষয়ক্ষতির হিসাব শেষ হলে রাজ্য সরকার বড় একটি ত্রাণ প্যাকেজ ঘোষণা করবে, এটি তারই অগ্রিম। প্রস্তাবিত ঋণ মওকুফের জন্য সাড়ে তিন লাখ কৃষককে চিহ্নিত করা হয়েছে, প্রক্রিয়া চলছে।
সবচেয়ে বড় সংকট পানির, বিশেষ করে মারাঠওয়াড়া অঞ্চলে, যেখানে ভূগর্ভস্থ পানির স্তর তিন মিটারের বেশি নেমে গেছে। সরবরাহ নজরে রাখতে ও অপব্যবহার ঠেকাতে জিপিএস লাগানো পর্যাপ্ত পানির ট্যাংকার পাঠানো হবে। এর মধ্যে ১৬,০০০-এর বেশি অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে জোর করে ঋণের কিস্তি বা বিদ্যুৎ বিল আদায় না করতে ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। গবাদিপশুর খাবার নিশ্চিত করতে সরকার সরাসরি গোখাদ্য কিনবে এবং কৃষকদের ঘাস ও পশুখাদ্যের ফসল চাষে উৎসাহ দেবে।
দুর্বল বর্ষার পর এই খরা দেখা দিয়েছে। শক্তিশালী এল নিনোর এ বছরে মহারাষ্ট্রসহ পাঁচ রাজ্যে খরা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
সূত্র: Rural Voice




মন্তব্য
(০)