বাজারে এখন নানা রকম সবজি উঠছে, আর তা দিয়ে সহজেই রাঁধা যায় অনেকের প্রিয় লাবড়া। আজকের পত্রিকার জন্য রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ: মিষ্টি কুমড়া, আলু, পটল, বেগুন, কাঁচা কলা, বরবটি, কচুর মুখি, গাজর ও পেঁপে এক কাপ করে; পাঁচফোড়ন এক চা-চামচ; শুকনা মরিচ দুই-তিনটি; তেজপাতা দুটি; আদা ও রসুন বাটা এক চা-চামচ; কাঁচা মরিচ ফালি পাঁচ-ছয়টি; হলুদ, মরিচ, জিরা ও ধনেগুঁড়া এক চা-চামচ করে; সরিষার তেল পাঁচ টেবিল চামচ; ঘি এক টেবিল চামচ; লবণ ও চিনি স্বাদমতো।
প্রথমে সব সবজি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে একই মাপে ডুমো ডুমো করে কেটে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এরপর আদা-রসুন বাটা ও কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়ে নিন।
এবার একে একে সব সবজি দিয়ে কষান, তারপর সব গুঁড়া মসলা দিয়ে আবার কষিয়ে স্বাদমতো লবণ দিন। পাঁচ-সাত মিনিট রান্নার পর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে আরও ১০ মিনিট রাঁধুন; মাঝে একবার নেড়ে দিন, যেন তলায় লেগে না যায়।
সবজি সেদ্ধ হয়ে নরম হলে খুন্তি দিয়ে সামান্য নেড়ে চিনি দিন। সবশেষে ঘি আর ভাজা মসলা ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। তৈরি হয়ে গেল লাবড়া।
রেসিপি: রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা, আজকের পত্রিকা।
ছবি: লাবড়া তরকারি, Rajeeb Dutta / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: আজকের পত্রিকা




মন্তব্য
(০)