পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা একটি শতবর্ষী বটগাছকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। গাছটির সুরক্ষায় ১২ অক্টোবর কুয়াকাটা মহিলা রাখাইন মার্কেট এলাকায় বিলবোর্ড বসিয়েছে উপকূলীয় বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা।
স্থানীয়রা জানান, প্রজন্মের পর প্রজন্ম গাছটি এলাকার মানুষের স্মৃতি ও জীবনের অংশ। এর বিস্তৃত ডালপালা আর ছায়ায় আশ্রয় নেয় নানা প্রজাতির পাখি, ছোট প্রাণী ও কীটপতঙ্গ, ফলে স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায়ও গাছটির ভূমিকা আছে।
বিলবোর্ড স্থাপনের সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক, উপকূলীয় বন বিভাগের কুয়াকাটা বিটের কর্মকর্তা-কর্মচারী, কুয়াকাটা কেন্দ্রীয় শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ থেরো, মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তম মহাথেরো, স্থানীয় জনপ্রতিনিধি মতিউর রহমান হাওলাদার ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম।
উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতা করেছে প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী। সংশ্লিষ্টদের মতে, এতে গাছটির সুরক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে মানুষের সচেতনতা বাড়বে; তবে দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য নিয়মিত পরিচর্যা, ক্ষতিসাধন ঠেকানো আর আশপাশের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ দরকার। প্রতিবেদনটি চ্যানেল আই অনলাইনের এনায়েতুর রহমানের।
ছবি: Faizul Latif Chowdhury / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0); বটগাছের প্রতীকী ছবি
সূত্র: চ্যানেল আই অনলাইন



মন্তব্য
(০)