টাঙ্গাইলের ঘাটাইলের চান্দশী গ্রামে অপরিকল্পিত ড্রেনেজ আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাস্তাঘাট ও বাড়ির আঙিনায় পানি, শত শত পরিবার পানিবন্দি। মাসের পর মাস আবাদি জমি পানির নিচে থাকায় সময়মতো চাষ করতে না পেরে লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
বর্ষা শেষ হলেও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পচা, দুর্গন্ধযুক্ত পানি আর ময়লা জমে আছে। কোথাও চলাচলের ভরসা খেয়া নৌকা, কোথাও বাঁশের সাঁকো; পচা পানি মাড়িয়েই প্রতিদিন চলছেন মানুষ।
চান্দশীর আরিফ হোসেন জানান, স্থায়ী জলাবদ্ধতায় মশার উপদ্রব বেড়েছে, ডেঙ্গু আর নানা চর্মরোগ দেখা দিচ্ছে। দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের দাবি তাঁর।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ও বর্ধিত পৌরকর দিয়েও তাঁরা ড্রেনেজের মতো নাগরিক সেবা পাচ্ছেন না। ১৯৯৮ সালে নয় ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করা ঘাটাইল পৌরসভার এই ওয়ার্ডে প্রায় তিন দশকেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি; স্থায়ী সমাধানের দাবিতে গ্রামবাসী ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মানববন্ধন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘাটাইল পৌরসভার প্রশাসক নূরী তাসমিন উর্মি জানান, তিনি চান্দশী এলাকা পরিদর্শন করে পানিবন্দি পরিবারগুলোর খোঁজ নিয়েছেন; দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদনটি মানবজমিনের এবিএম আতিকুর রহমানের।
সূত্র: মানবজমিন



মন্তব্য
(০)