রাসায়নিক কীটনাশক ও ছত্রাকনাশক ছাড়াই উপকারী এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া ব্যবহার করে বর্ষাকালে বেগুন ও ঢ্যাঁড়শ চাষে আশাব্যঞ্জক ফল পেয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গবেষকেরা। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুল হকের নেতৃত্বে এই গবেষণা হয়েছে, সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রকল্প।
গবেষকদের তথ্য অনুযায়ী, একই জমিতে প্রায় চার বছর ধরে এই ব্যাকটেরিয়া প্রয়োগে মাটিতে নাইট্রোজেন ও ফসফরাসের অবস্থার উন্নতি হয়েছে। ফলে প্রচলিত চাষের তুলনায় ইউরিয়া ও টিএসপি সারের ব্যবহার কমানোর সম্ভাবনা দেখা গেছে। এর আগে এই পদ্ধতিতে আলু চাষেও সাফল্য এসেছিল।
গবেষকেরা জানান, অতিরিক্ত বৃষ্টি ও মাটির উচ্চ আর্দ্রতার মধ্যেও নিচু জমিতে চাষ করা বেগুন ও ঢ্যাঁড়শ গাছে ভাইরাসজনিত রোগ, ঢলে পড়া বা পোকামাকড়ের আক্রমণ দেখা যায়নি।
গবেষণার অংশ হিসেবে দেশে তরল জৈবসার উৎপাদনের জন্য একটি বিশেষায়িত যন্ত্রও উদ্ভাবন করা হয়েছে।
গবেষকদের মতে, ‘সয়েল মাইক্রোবায়োম ইঞ্জিনিয়ারিং’ ধারণার এই প্রযুক্তি আমদানিনির্ভরতা ও রাসায়নিকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে। দেশজুড়ে এর কার্যকারিতা যাচাইয়ে তাঁরা কৃষি মন্ত্রণালয়, বারি, বার্ক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে একটি জাতীয় পরীক্ষামূলক কর্মসূচির প্রস্তাব করেছেন।
ছবি: Forest and Kim Starr / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: আমার দেশ





মন্তব্য
(০)