'রোড ডিভাইডারে গাছ লাগাই সবুজে সাজাই শহর সবাই' প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন গ্রিন কনসার্ন'স ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ৪ জুন বিকেলে তেজগাঁওয়ে সড়ক বিভাজকে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনটি দেশব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন গ্রিন কনসার্ন'স ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান ও দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি রণজিৎ সরকার, সাংবাদিক বিপুল হাসান, আব্দুল্লাহ ক্বাফী, ফাউন্ডেশনের সদস্য গিরীশ গৈরিক, এমিলিয়া খানম, লাবণ্য লিপি, সাংবাদিক শাহজাহান মোল্লা প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক সহযোগিতা করেছেন শিকদার এন্টারপ্রাইজের কর্ণধার আমিনুল ইসলাম।
আমাদের সময়ের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‌'পৃথিবীর ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য করতে হলে পরিবেশের বিকল্প নেই। যেহেতু এই পৃথিবী দিনদিন উষ্ণ হয়ে উঠছে। আজ থেকে ১০ বছর আগে এ দেশে গড় তাপমাত্রা কত ছিল? এখন কত? বিষয়গুলো সবাইকে অনুধাবন করতে হবে। বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ পৃথিবী গড়তে প্রত্যেকের অন্তত একটা করে গাছ লাগানো উচিত।'
গ্রিন কনসার্ন'স ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, 'পৃথিবীব্যাপী উষ্ণায়ন পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় বেশি বেশি গাছ লাগাতে হবে। আজ গ্রিন কনসার্ন'স ফাউন্ডেশনের পক্ষ থেকে তেজগাঁও এলাকায় রোড ডিভাইডারে গাছ লাগানো হলো। আমরা এখানে অনেকগুলো নিমগাছের চারা রোপণ করেছি। আসুন সবাই একটি করে হলেও গাছ লাগাই। সবুজে ভরে উঠুক পৃথিবী।'
ফাউন্ডেশনের সেক্রেটারি রণজিৎ সরকার বলেন, 'আজ আমরা একটি সুন্দর ও মানবিক উদ্যোগ নিয়ে একত্রিত হয়েছি। একটি গাছ শুধু পরিবেশ সুন্দর করে না, এটি আমাদের জীবন রক্ষা করে, বিশুদ্ধ অক্সিজেন দেয়, তাপমাত্রা কমায় এবং শহরকে বাসযোগ্য করে তোলে। বর্তমানে জলবায়ু পরিবর্তন, তীব্র গরম, বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয় আমাদের বড় চ্যালেঞ্জ। শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষ সংরক্ষণেও সমানভাবে দায়িত্বশীল হবো। কারণ প্রকৃতিকে রক্ষা করা মানে মানবসভ্যতার অস্তিত্ব রক্ষা করা।'





মন্তব্য
(০)