কৃষি উপকরণ প্রতিষ্ঠান সিনজেন্টার (Syngenta) ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিক্রি ১০ শতাংশ কমে ৫২০ কোটি ডলারে নেমেছে। আগের বছর একই সময়ে বিক্রি ছিল ৫৭০ কোটি ডলার। সুদ, কর ও অবচয়ের আগের আয় (এবিটডা) ২ শতাংশ কমে ৮০ কোটি ডলার হয়েছে, স্থির বিনিময় হারে যা ৪ শতাংশ কম।
প্রতিষ্ঠানটি জানায়, ইউরোপজুড়ে টানা খরা ও অস্বাভাবিক গরমে ফসলের বৃদ্ধি থমকে যায় এবং বালাইনাশক প্রয়োগের সুযোগ কমে, ফলে চাহিদা কমেছে। খামারের আয়ে চাপ থাকায় কৃষকেরা বীজ ও বালাইনাশক কিনতে সাবধানী ছিলেন, কয়েকটি বাজারে কেনাকাটা পিছিয়েছে। কম মুনাফার কিছু ব্যবসাও প্রতিষ্ঠানটি ইচ্ছা করে ছোট করছে।
বছরের প্রথম নয় মাসে বিক্রি ৫ শতাংশ কমে ১,৭৩০ কোটি ডলার হয়েছে, আগের বছর যা ছিল ১,৮২০ কোটি ডলার। তবে এবিটডা ১ শতাংশ বেড়ে ৩২০ কোটি ডলার হয়েছে এবং মার্জিন ১০০ বেসিস পয়েন্ট বেড়ে ১৮.৪ শতাংশে উঠেছে। পরিকল্পিতভাবে কমানো শস্য ব্যবসা ও অন্যান্য কম মুনাফার কাজ বাদ দিলে মূল বিক্রি ১ শতাংশ বেড়েছে।
নতুন প্রযুক্তির পণ্যের বিক্রি বাড়তে থাকায় পেটেন্টমুক্ত বালাইনাশকের দামের চাপ, বিশেষ করে ব্রাজিল ও লাতিন আমেরিকায়, কিছুটা সামলানো গেছে। তৃতীয় প্রান্তিকে জৈব বালাইনাশকের বিক্রি দুই অঙ্কের হারে বেড়েছে, আর টাইমিরিয়াম ও প্লিনাজোলিনের মতো নতুন পণ্যের বিস্তার অব্যাহত আছে।
ব্যবস্থাপনায়ও রদবদল ঘোষণা করেছে সিনজেন্টা। আদামার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী গায়েল হিলি (Gaël Hili) ১ নভেম্বর সিনজেন্টা সিডসের প্রেসিডেন্ট হচ্ছেন। আদামার দায়িত্ব নেবেন পশুখাদ্য পুষ্টি প্রতিষ্ঠান অ্যাডিসিওর প্রধান নির্বাহী ড. ঝিগাং হাও।
এগ্রিনেভিগেটর জানিয়েছে, প্রতিষ্ঠানটি ২০২৭ সালে হংকংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য রেখেছে। আগে এই লক্ষ্য ছিল ২০২৬ সাল।
ছবি: Latschari / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: AgNavigator





মন্তব্য
(০)