পারিবারিক মূল্যবোধ, তরুণদের নৈতিকতা, নারীর অধিকার এবং বহুজাতি ও বহুধর্মের সমাজে সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়েছে এক আলোচনা সভায়। শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘রাসূলুল্লাহর আদর্শ ও সমকালীন সমাজ’ শীর্ষক সভাটির আয়োজন করে নারীর অধিকার ফাউন্ডেশন।
সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ বলেন, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে মহানবীর জীবনাদর্শ অনুসরণ প্রয়োজন, আর এ ক্ষেত্রে ঐতিহাসিক মদিনা সনদের শিক্ষা আজও প্রাসঙ্গিক।
সভাপতির বক্তব্যে সংগঠনের সহসভাপতি প্রফেসর নাঈমা মোয়াজ্জম ‘পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নবীজির আদর্শ’ বিষয়ে বলেন, পারিবারিক ভাঙন ও অশান্তি দূর করতে মহানবীর পারিবারিক জীবন অনুসরণ করা দরকার; স্ত্রী, সন্তান ও স্বজনদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও কোমল আচরণই সুখী পরিবারের ভিত্তি।
‘নবীজি (সা.)-এর সালাত ও আল্লাহর প্রতি ব্যাকুলতা’ বিষয়ে সহসভাপতি প্রফেসর আফিফা মুশতারী বলেন, সালাত কেবল আনুষ্ঠানিকতা নয়, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক ও আত্মিক প্রশান্তির মাধ্যম; ইবাদতে মহানবীর একাগ্রতা ও বিনয় থেকে শিক্ষা নিতে হবে। যুগ্ম সম্পাদক প্রফেসর ড. শারমীন ইসলাম বলেন, মহানবী তরুণ বয়স থেকেই পরিশ্রমী, দায়িত্বশীল ও চিন্তাশীল ছিলেন; সততার সঙ্গে ব্যবসা ও বন্ধু বাছাইয়ে সচেতনতায় তিনি তরুণদের জন্য দৃষ্টান্ত।
‘ইসলামে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ (সা.)’ বিষয়ে সহসম্পাদক ড. সাজেদা হোমায়রা নারীর সম্পত্তির অধিকার ও কন্যাসন্তানের মর্যাদাসহ ইসলামের শিক্ষাগুলো সমাজে বাস্তবায়নে সীরাতচর্চা বাড়ানোর কথা বলেন। সমাপনী বক্তব্যে সাধারণ সম্পাদক নাজমুন নাহার বলেন, বাহ্যিক চাকচিক্য বাড়লেও মানুষের আধ্যাত্মিক জীবন শুষ্ক হয়ে পড়ছে; ঘরে ঘরে ইবাদত ও নৈতিকতার পরিবেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক ডা. তাহেরা বেগম।
ছবি: ঢাকার জাতীয় প্রেসক্লাব ভবন, Nurunnaby Chowdhury (Hasive) / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: সমকাল





মন্তব্য
(০)