মানুষের অন্তরের প্রকৃত প্রশান্তি ও স্থায়ী সুখের উৎস বস্তুগত প্রাচুর্য নয়, বরং ঈমানের মাধুর্য, আল্লাহর প্রতি আস্থা এবং তাঁর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। শুক্রবার (২৩ অক্টোবর) পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় এ কথা বলেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ।
তিনি বলেন, একই রকম সংকটে পড়েও কেউ ধৈর্য ও প্রশান্তি ধরে রাখেন, কেউ অস্থিরতা, হতাশা ও অভিযোগে ভেঙে পড়েন। কেউ প্রশস্ত হৃদয় ও সন্তুষ্টি নিয়ে জীবন কাটান, আবার কারও যথেষ্ট সম্পদ ও সুযোগ থাকার পরও তিনি একঘেয়েমি, অভিযোগ, হিংসা ও স্বার্থপরতায় ডুবে থাকেন। এ পার্থক্যের অন্যতম মূল কারণ তিনি বলেছেন ‘ঈমানের মাধুর্য’।
খতিবের ব্যাখ্যায়, মানুষ যখন আল্লাহকে স্রষ্টা ও রিজিকদাতা হিসেবে বিশ্বাস করে, বিপদে তাঁর ওপর ভরসা রাখে এবং তাঁর ফয়সালায় সন্তুষ্ট থাকে, তখন অন্তরে প্রশান্তি আসে; দৃঢ় বিশ্বাস ভয়, হতাশা ও অস্থিরতা মোকাবিলায় সাহায্য করে। ঈমানের দুর্বলতা মানুষকে ভয়, স্বার্থপরতা ও অসন্তুষ্টির দিকে ঠেলে দিতে পারে।
তিনি বলেন, মুমিনের জীবন চলবে শোকর ও সবরে: নেয়ামত এলে আল্লাহর শুকরিয়া, অভাব, বঞ্চনা বা বিপদে ধৈর্য; সৎকাজের নির্দেশ পেলে তা পালনে এগিয়ে আসা, অন্যায় থেকে বিরত থাকা, আর গুনাহ হয়ে গেলে দ্রুত তওবা ও ইস্তিগফার।
খুতবায় হজরত উমর (রা.)-এর সময়ের আতিকা নামের এক সাহসী মুসলিম নারীর কথাও আসে, যাঁর বক্তব্যের মর্ম ছিল, আল্লাহর প্রতি ঈমান অটুট থাকলে দুনিয়ার কোনো বিপদ তাঁর প্রকৃত ক্ষতি করতে পারবে না। খতিব বলেন, প্রকৃত সুখ সম্পদ, আরাম বা বাহ্যিক সাফল্যে নয়; আল্লাহর প্রতি ভালোবাসা ও ভরসা, ইসলামের প্রতি অনুরাগ এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসরণেই গভীর প্রশান্তি।
আওয়ার ইসলাম খুতবার বিবরণ দিয়েছে দ্য গেট টু হারামাইনের বরাতে।
ছবি: মসজিদুল হারামে দোয়ারত এক হাজি, Ali Mansuri / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.5)
সূত্র: আওয়ার ইসলাম





মন্তব্য
(০)