বিকেলের নাস্তায় প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসতে পারে। তাই স্বাদে একটু ভিন্নতা আনতে ঘরেই তৈরি করতে পারেন মুচমুচে চিংড়ির সমুচা। মসলাদার চিংড়ির পুর আর খাস্তা আবরণে তৈরি এই নাস্তা পরিবার-পরিজন থেকে শুরু করে অতিথি আপ্যায়ন-সব ক্ষেত্রেই হবে দারুণ পছন্দের। রইলো রেসিপি-
প্রথমে চিংড়ির মাথা ও লেজ ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে নিন। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিন। এবার কুচি করা চিংড়ি, স্বাদমতো লবণ এবং গোলমরিচ গুঁড়া যোগ করে ভালোভাবে ভুনে নিন। মসলা কষে এলে আধা কাপ পানি দিয়ে ঢেকে প্রায় ৫ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে পুরটি নামিয়ে ঠান্ডা হতে দিন।
এদিকে ময়দার সঙ্গে লবণ, সামান্য তেল ও প্রয়োজনমতো পানি মিশিয়ে নরম করে খামির তৈরি করুন। এরপর খামিরটি ছোট ছোট লেচিতে ভাগ করে প্রতিটি পাতলা রুটি বেলে নিন। প্রতিটি রুটি মাঝখান থেকে কেটে দুই টুকরো করুন। একটি অর্ধেক অংশ শঙ্কু আকৃতিতে ভাঁজ করে ভেতরে চিংড়ির পুর ভরে মুখ ভালোভাবে আটকে দিন। একইভাবে সব সমুচা তৈরি করে নিন। শেষে গরম তেলে সমুচাগুলো বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। পছন্দের সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।





মন্তব্য
(০)