ক্যালিফোর্নিয়ার খামারের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া কিংম্যান এগ (Kingman Ag) মিনিয়ন মিনি নামে এমন একটি সংযোজন কিট বিক্রি করছে, যা লাগালে সাধারণ ট্রাক্টর নিজে নিজেই ফলের বাগানে কাজ করতে পারে, ধুলার মধ্যে কিংবা যেখানে স্যাটেলাইট সংকেত পৌঁছায় না সেখানেও।
সহপ্রতিষ্ঠাতা জ্যাক শিলি (Zach Sheely) ফিউচার ফার্মিংকে বলেন, পথ চেনা ও বাধা শনাক্তে তাঁরা আর লাইডার সেন্সর ব্যবহার করেন না। ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনের বাগানে গাছের সারির উঁচু মাটি বাতাসে পরিষ্কার করা কিংবা পেস্তাবাগানে ঝরে পড়া শুকনো ফল গুঁড়িয়ে দেওয়ার মতো কাজে প্রচুর ধুলা ওড়ে, আর লাইডার ধুলা পছন্দ করে না।
এর বদলে কিটটি ফিশআই লেন্সের ক্যামেরায় দেখে পথ চলে। জিপিএস যন্ত্রটি থাকে শুধু তথ্য সংগ্রহের জন্য, পথ চলা বা পথের পরিকল্পনায় তার কোনো ভূমিকা নেই। ফলে জিএনএসএস সংকেত দুর্বল বা বন্ধ এমন জায়গায়, যেমন পুরোপুরি ঢাকা ছাউনির নিচেও, ঘণ্টায় ১১ কিলোমিটার পর্যন্ত গতিতে ট্রাক্টর কাজ চালাতে পারে। আগে থেকে থাকা বা রেকর্ড করা জমির সীমানা দিলেই ব্যবস্থাটি নিজের পথ ঠিক করে নেয়।
শিলি বলেন, তাঁরা মনোযোগ দেন স্থায়ী ফসলে, যেখানে গাছ দশকের পর দশক একই জায়গায় থাকে। তাঁর ধারণা, সামনে লাগানো যন্ত্রের সঙ্গে কাজ করতে পারা একমাত্র স্বয়ংক্রিয় সংযোজন কিট এটিই, সঙ্গে আছে প্রতিষ্ঠানটির পেটেন্ট করা নিরাপত্তা বাম্পার। বেশির ভাগ যন্ত্রে কোনো পরিবর্তন বা বাড়তি সেন্সর লাগে না। কুবোটা, ডয়েটজ-ফার, ফেন্ট, জন ডিয়ার ও নিউ হল্যান্ড ট্রাক্টরে এটি লাগানো যায়।
এখন ৪০টি মিনিয়ন মিনি ব্যবস্থা চালু আছে, বেশির ভাগ ক্যালিফোর্নিয়ায়। দাম ২০,০০০ থেকে ৩০,০০০ ডলার। ওয়াশিংটনের ইয়াকিমা উপত্যকায় গিলবার্ট সেলার্সের আপেলবাগানে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির স্মার্ট আপেল অর্চার্ড অনুষ্ঠান ও ফিরা ইউএসএ চলাকালে চালকবিহীন কুবোটা এম৫এন-০৯২ ট্রাক্টরে স্বয়ংক্রিয়ভাবে ঘাস কাটা দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: Future Farming



মন্তব্য
(০)