নিরামিষের দিনে ডাল-ভাত বা পনিরের একঘেয়েমি কাটাতে পটলের এই পদটি রাঁধা যায়। মুগ ডাল আর পটলে তৈরি মুগ-পটল ভাত বা রুটি দুটোর সঙ্গেই চলে, আর শেষে দেওয়া ঘিয়ের সুবাস পদটিকে আলাদা করে।
উপকরণের মধ্যে লাগবে পটল ও আলু, আধ কাপ মুগ ডাল, মাঝারি আকারের ২টি টমেটো কুচি, দেড় ইঞ্চি আদা গ্রেট করা, ১ টেবিল চামচ কাশ্মীরি মরিচগুঁড়া, দেড় টেবিল চামচ জিরাগুঁড়া আর আধ টেবিল চামচ গরমমসলার গুঁড়া। ফোড়নে শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি ও গোটা জিরা; সঙ্গে তেল, লবণ, হলুদ, চিনি ও ঘি।
পটল ও আলুর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মুগ ডাল কয়েকবার ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে ২ চামচ তেলে পটল-আলু লবণ ও দুই চিমটি হলুদ দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
একই কড়াইয়ে আবার ২ চামচ তেলে শুকনা মরিচ, তেজপাতা, এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে গোটা জিরা দিন। এরপর আদা, তারপর টমেটো দিন; টমেটো নরম করতে একটু লবণ দিতে পারেন। গুঁড়া মসলাগুলো একে একে দিয়ে ঢিমে আঁচে কষান।
পানি ঝরানো মুগ ডাল দিয়ে ৪-৫ মিনিট মসলার সঙ্গে কষাতে থাকুন, সুবাস বেরোবে। পরিমাণমতো গরম পানি, লবণ ও চিনি দিয়ে ঢেকে ঢিমে আঁচে ৬ মিনিট ফোটান। ডাল যেন গোটা থাকে, গলে না যায়।
ভাজা পটল-আলু ও মরিচ মিশিয়ে আবার খানিকক্ষণ ঢেকে রান্না করুন। সব ভালোভাবে সেদ্ধ হলে গরমমসলা ও ঘি মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন, তারপর ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।
ছবি: Subhashish Panigrahi / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: আনন্দবাজার




মন্তব্য
(০)