শীত পুরোপুরি আসেনি, তবে শীতের সবজি বাজারে উঠতে শুরু করেছে: টাটকা ধনেপাতা, মেথিশাক, কড়াইশুঁটি (মটরশুঁটি)। আনন্দবাজার ডট কম ডেস্ক এই দুই সবজি দিয়ে রেস্তোরাঁর কায়দায় মেথি মালাই মটরের প্রণালী দিয়েছে। মেথিশাকের গন্ধ ও স্বাদ মিশবে মটরে, আর মালাইয়ের গুণে ঝোল হবে ক্রিমের মতো।
উপকরণ: এক আঁটি মেথিশাক, ২ কাপ সেদ্ধ কড়াইশুঁটি, ২-৩ টেবিল চামচ ফ্রেশ ক্রিম, ৪ টেবিল চামচ ঘি, ১টি তেজপাতা, ৪-৫টি এলাচ, ৪-৫টি লবঙ্গ, ৭-৮টি গোলমরিচ, ৮-১০ কোয়া রসুন, ১ ইঞ্চি আদাকুচি, ৪-৫টি কাঁচা মরিচ, ২-৩ টেবিল চামচ চারমগজ, ১০-১২টি কাজু, ৩টি কুচানো পেঁয়াজ, ১ টেবিল চামচ জিরা, ২-৩ টেবিল চামচ ধনেপাতাকুচি ও স্বাদমতো লবণ।
মশলা তৈরি: কড়াইয়ে ঘি গরম করে তেজপাতা, এলাচ ও গোলমরিচ দিন। রসুন, আদাকুচি ও পেঁয়াজকুচি দিয়ে হালকা নেড়ে নিন। চারমগজ ও কাজু দিয়ে আরও ২ মিনিট রেঁধে অল্প পানি দিন। মিনিট দুয়েক পর চুলা বন্ধ করে মিশ্রণটি ব্লেন্ডারে মিহি করে নিন।
রান্না: কড়াইয়ে ঘি দিয়ে জিরা ফোড়ন দিন। টাটকা মেথিপাতাকুচি দিয়ে লবণসহ নেড়েচেড়ে মুচমুচে করে ভাজুন। এরপর লবণ দিয়ে ভাপানো মটরশুঁটি দিন। কিছুক্ষণ নাড়ার পর পেঁয়াজ-কাজুর মিহি মিশ্রণ ঢেলে দিন এবং আঁচ কমিয়ে ফুটতে দিন।
ওপরে তেল ভেসে উঠলে চেরা কাঁচা মরিচ, ফ্রেশ ক্রিম আর ধনেপাতাকুচি ছড়িয়ে আরও এক মিনিট রেঁধে নামিয়ে নিন। রুটি, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন। রেসিপিটি আনন্দবাজার ডট কম ডেস্কের।
ছবি: Ujjawaoo7 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: আনন্দবাজার



মন্তব্য
(০)