জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) নেদারল্যান্ডসের উট্রেখট বিশ্ববিদ্যালয় (ইউইউ) ও ভাগেনিঙেন বায়োভেটেরিনারি রিসার্চকে (ডব্লিউবিভিআর) অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের (এএমআর) জন্য এফএও রেফারেন্স কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, জানিয়েছে ভাগেনিঙেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ।
আগামী পাঁচ বছর কেন্দ্রটি প্রাণী ও খাদ্যশৃঙ্খলে এএমআরের বৈশ্বিক নজরদারি, নির্দেশিকা ও প্রশিক্ষণ কর্মসূচি তৈরি এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করবে। ইউইউর পশুচিকিৎসা অনুষদের সংক্রামক রোগ ও রোগপ্রতিরোধবিদ্যা বিভাগ এবং লেলিস্টাডের ডব্লিউবিভিআর মিলে কেন্দ্রটি গড়েছে; নেতৃত্বে অধ্যাপক ইয়াপ ভাগেনার (Jaap Wagenaar) ও ড. কেস ভেল্ডমান (Kees Veldman)।
জীবাণু যখন তাকে মারার ওষুধেও টিকে যায়, সেটিই অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ; মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য এটি বিশ্বের সবচেয়ে বড় হুমকিগুলোর একটি, আর এখানে মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য গভীরভাবে যুক্ত, বলা হয়েছে ঘোষণায়।
ভাগেনার বলেন, এই স্বীকৃতি তাঁদের বিশেষজ্ঞদের একটি বৈশ্বিক নেটওয়ার্কের অংশ করেছে, যার মাধ্যমে প্রাণীতে অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহারে তাঁরা স্থায়ী অবদান রাখতে পারবেন। তাঁর বিভাগ আগে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার সহযোগী কেন্দ্র, আর ভেল্ডমানের পরীক্ষাগার নেদারল্যান্ডসে প্রাণিসম্পদে এএমআরের জাতীয় রেফারেন্স পরীক্ষাগার।
ছবি: Ajay Kumar Chaurasiya / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: Wageningen University & Research




মন্তব্য
(০)