পাহাড়ের ঢাল, রাস্তার দুই পাশ, বাড়ির আঙিনা আর উঠান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমড়া গ্রামে কোথাও একটুকরা জমি ফাঁকা নেই। সবখানে চলছে আগাম সবজির চাষ, আর একটি ফসল তোলার আগেই শুরু হয় পরেরটির প্রস্তুতি। একসময় ধাননির্ভর এই গ্রামের তিন শতাধিক পরিবারের প্রত্যেকেই এখন সবজি চাষের সঙ্গে যুক্ত, নারী-পুরুষ মিলে কাজ করেন।
কৃষক আবুল কাশেম (৫৫) আগস্টের মাঝামাঝি পাহাড়ের ঢালে ৩০ শতাংশ জমিতে আগাম জাতের শিম লাগান। বাঁশ ও সুতার জালের মাচা, সার ও কীটনাশক মিলিয়ে খরচ প্রায় ২০ হাজার টাকা। রোপণের ৪৫ থেকে ৫০ দিনে ফলন শুরু হয়, এখন পাঁচ দিন পরপর সাত থেকে আট মণ শিম তোলেন। শুরুতে কেজি ২০০ টাকায় বিক্রি করেছেন, এখন দাম ৫০ থেকে ৫২ টাকা। এ পর্যন্ত ৬০ থেকে ৭০ হাজার টাকার শিম বেচেছেন; সব খরচ বাদে এবার লাখখানেক টাকা লাভের আশা তাঁর।
শিম শেষ হলে একই জমিতে, একই মাচায় কাঁকরোল, করলা, চিচিঙ্গা, ধুন্দল, বরবটি ও বেগুন লাগাবেন আবুল কাশেম; তাতে নতুন মাচার খরচ বাঁচবে। কিষানি রাবেয়া বেগম বলেন, বাজারে নতুন সবজি আগে উঠলে দাম বেশি মেলে, তাই গ্রামের মানুষ অনেকটা প্রতিযোগিতা করেই আগাম সবজি চাষ করেন।
কৃষক মো. লাল মিয়া (৫০) ৪০ শতাংশ জমিতে শিমে খরচ করেছেন প্রায় ৩০ হাজার টাকা; শুরুতে ১৮০ টাকা কেজি দরে বেচে এ পর্যন্ত ৭০ থেকে ৮০ হাজার টাকার শিম বিক্রি করেছেন। তিন বছর আগে বেসরকারি চাকরি ছেড়ে গ্রামে ফিরে সবজি চাষ শুরু করেছেন মো. রুবেল মিয়া (৩৫)। তাঁর মতে, আগাম সবজির চাহিদা বেশি, বিক্রিও সহজ।
শিমের পর করলা, লাউ, বেগুন ছাড়াও গ্রামে আদা, মিষ্টিকুমড়া, চালকুমড়া, কলা, ঢ্যাঁড়স, ফুলকপি, পটোল, বাঁধাকপি, টমেটো, গাজর ও ধনেপাতার আবাদ হয়। পাশের সন্ধ্যাকুড়া ও হলদিগ্রামের সীমান্ত সড়কে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত সবজির হাট বসে; মৌসুমের শুরুতে পাইকারেরা বাড়ি থেকেই সবজি কিনে ট্রাকে ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে পাঠান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, অন্য ফসলের তুলনায় আগাম সবজি চাষে লাভ বেশি।
ছবি: কামরুল ইসলাম শাহীন / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)