ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অসময়ের বৃষ্টিতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পাকা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে, কোথাও কেটে রাখা ধান জমিতেই ভিজছে। একই জমিতে সদ্য লাগানো আগাম আলুর বীজ পচে যাওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় কৃষকেরা। শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়; ভেজা জমিতে ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিসের তথ্যে, গোপিনাথপুর ইউনিয়নে প্রায় ১০০ হেক্টর জমির আমন হেলে পড়েছে, আর বিভিন্ন এলাকায় প্রায় ২০ হেক্টর আলুর জমিতে পানি জমেছে; পানি নিষ্কাশনের কাজ চলছে। চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৬৫০ হেক্টরে আমন আবাদ হয়েছে। জিরাশাইল, কাটারি, স্বর্ণা-৫, ব্রি ধান-৪৯, ৫১, ৫২, ৭৫, ৮৭, ৯০, ৯৩ ও ১০৩, বিনা ধান-১৭, ব্র্যাক-১৮ এবং বিভিন্ন হাইব্রিড জাতের চাষ হয়েছে।
রাজকান্দা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক আট বিঘায় আমন করেছিলেন। পূর্বাভাস শুনে তিন বিঘার ধান কেটে জমিতে রেখেছিলেন, কিন্তু ঘরে তুলতে পারেননি; বাকি পাঁচ বিঘার ধান বৃষ্টিতে নুয়ে পড়েছে। তিনি বলেন, ফলন ভালো হয়েছিল, বৃষ্টিতে সব এলোমেলো হয়ে গেছে।
আলুচাষি লোকমান আলী দুই দিন আগে তিন বিঘায় আগাম আলু লাগিয়েছেন। জমে থাকা পানি সরিয়েছেন, তবে মাটি বেশি দিন ভেজা থাকলে বীজ পচে গাছ না-ও গজাতে পারে বলে তাঁর আশঙ্কা; নতুন করে লাগাতে হলে বাড়তি খরচ হবে।
কৃষি বিভাগের আশঙ্কা, আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে হেলে পড়া ধানের শিষ থেকে পাঁচ-ছয় দিনের মধ্যে চারা গজাতে পারে, তাতে ধানের মান ও ফলন কমবে। আলুর জমিতে পানি জমে থাকলে বীজ পচতে পারে; আগামী দুই-তিন দিনে এর প্রভাব বোঝা যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় এবার আমনের ফলন ভালো হয়েছে। বৈরী আবহাওয়ায় কিছু কৃষক ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন; আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে ক্ষতি এড়ানো সম্ভব।
ছবি: Tanvir Rahat / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: সমকাল



মন্তব্য
(০)