রাসায়নিক সারের সংকটে কুড়িগ্রামে বিকল্প হিসেবে বেড়েছে জৈব সারের ব্যবহার। কৃষকেরা গরুর গোবর, কম্পোস্ট ও অন্যান্য জৈব উপাদান দিয়ে নিজেরাই সার তৈরি করে শীতকালীন সবজি চাষ করছেন। তাঁদের দাবি, এতে ফলনও ভালো হচ্ছে, রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমছে এবং সার সংগ্রহের ভোগান্তি থেকে কিছুটা রেহাই মিলছে।
গত আগস্ট ও সেপ্টেম্বরে সার সংকটকে কেন্দ্র করে জেলার প্রায় প্রতিটি উপজেলায় আন্দোলন ও বিক্ষোভ হয়েছে। সকাল থেকে ডিলারের দোকান ও গুদামে অপেক্ষা করেও অনেক কৃষক সার পাননি। কোথাও কোথাও ক্ষোভে গুদামে ভাঙচুরের ঘটনাও ঘটে, এসব ঘটনায় একাধিক কৃষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
এমন পরিস্থিতিতে হয়রানি ও আইনি জটিলতা এড়াতে এবং সময়মতো ফসলের পুষ্টির চাহিদা মেটাতে জৈব সারের ব্যবহার বাড়াচ্ছেন কৃষকেরা। মৌসুমের শুরু থেকে সারের জন্য তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরছেন, কিন্তু চাহিদামতো রাসায়নিক সার পাচ্ছেন না বলে অভিযোগ।
রৌমারী, রাজারহাট ও উলিপুর উপজেলার বিভিন্ন এলাকাতেও একই চিত্র। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে চাহিদামতো সার মিলছে না, তাই হয়রানি এড়াতে খোলাবাজার থেকে প্রয়োজনের চেয়ে কম সার কিনে জমিতে দিচ্ছেন। এতে ফসলের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে জৈব সারের ওপর নির্ভরতা বাড়ছে।
ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী গ্রামের কৃষক মোত্তালেব, আমির হোসেন ও মনসুর আলী জানান, পর্যাপ্ত রাসায়নিক সার না পেয়ে তাঁরা বাধ্য হয়ে জৈব সার ও ম্যাগনেসিয়াম ব্যবহার করছেন। কেউ কেউ ইউরিয়ার বিকল্প হিসেবে ডিএপি সারও দিচ্ছেন। তাঁদের মতে, ঠিকভাবে জৈব সার দিলে ফসলের উৎপাদন ভালো হয়।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির জানান, শীতকালীন ফসলের জন্য জেলায় মোট ১৫ হাজার ৫০৯ টন সার বরাদ্দ পাওয়া গেছে। এর বাইরে টিএসপি, ডিএপি ও এমওপি সার অতিরিক্ত ৫০০ টন করে বরাদ্দ পেয়েছে কৃষি বিভাগ। তাঁর দাবি, এই বরাদ্দ কুড়িগ্রামের চাহিদার তুলনায় যথেষ্ট, তবে ফসল উৎপাদনে জৈব সারের গুরুত্ব অনেক।
প্রতিবেদনটি কৃষি সময়ের কুড়িগ্রাম সংবাদদাতার পাঠানো খবরের ভিত্তিতে তৈরি।
ছবি: Sindugab / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)