কলম বা গ্রাফটিং প্রযুক্তিতে একই গাছের ওপরের অংশে টমেটো আর মাটির নিচে আলু ফলানোর উদ্যোগ নিয়েছে ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলা কৃষি দপ্তর। আরেক ধরনের কলমে একই গাছ থেকে টমেটো ও বেগুন দুটোই মেলে। প্রথম ধরনটির নাম পোমাটো, দ্বিতীয়টি ব্রিমাটো।
পোমাটোতে আলুর গাছের সঙ্গে টমেটোর ডাল জুড়ে দেওয়া হয়, ফলে ওপরে টমেটো ধরে আর নিচে আলু তৈরি হয়। ব্রিমাটোতে বেগুনগাছের সঙ্গে টমেটোর ডাল জোড়া হয়। বারাণসীতে ভারতীয় কৃষি গবেষণা পরিষদের (আইসিএআর) সবজি গবেষণা প্রতিষ্ঠান ২০২০-২১ সালে মাঠে ব্রিমাটোর সফল পরীক্ষা চালায়; একটি গাছে প্রায় ২.৩৮ কেজি টমেটো ও ২.৬৮ কেজি বেগুন পাওয়া যায়। পোমাটো নিয়ে গবেষণাপত্রে বলা হয়েছে, টবের একটি গাছে ১.৫ থেকে ২ কেজি টমেটো ও ৫০০ থেকে ৮০০ গ্রাম আলু মিলতে পারে, যদিও ফলন পরিবেশ ও পরিচর্যার ওপর নির্ভর করে।
বিহার কৃষি দপ্তরের ১০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, কাটিহারের জেলাশাসক আশুতোষ দ্বিবেদীর নির্দেশে জেলা কৃষি কর্মকর্তা রাজীব কুমার বারাণসীর ওই প্রতিষ্ঠানের কাছে পোমাটো ও ব্রিমাটোর চারা চেয়ে চিঠি দিয়েছেন। কাটিহারের মাটি ও আবহাওয়ায় গাছগুলো কতটা মানাবে, সে তথ্যও চাওয়া হয়েছে। প্রথমে কৃষকের জমিতে পরীক্ষামূলক চাষ হবে।
আইসিএআরের তথ্যে, ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৩৬ হাজার ব্রিমাটো ও ২৮ হাজার পোমাটোর চারা তৈরি করেছে এবং আট রাজ্যের ৪১ জেলায় প্রদর্শনী করেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বড় পরিসরে বাণিজ্যিক চাষের আগে রোগবালাই ও লাভের হিসাব যাচাই জরুরি।
প্রযুক্তিটি একেবারে নতুন নয়। এক গাছে আলু-টমেটো ফলানোর গবেষণা শুরু হয় বিংশ শতকের গোড়ায়, ১৯৭০-এর দশকে জার্মানিতে সফল পোমাটো তৈরির উল্লেখ আছে, আর ২০১৩ সালে ব্রিটেন ও নিউজিল্যান্ডে এ ধরনের গাছ বাজারে আসে। সবজিতে কলমের পদ্ধতি জাপান ও কোরিয়ায় ১৯২০-এর দশক থেকেই ব্যবহৃত হচ্ছে, পরে চীনসহ পূর্ব এশিয়ায় ছড়ায়।
ছবি: Judgefloro / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)